দখলদার ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির ফিলিস্তিনি বন্দিদের জন্য চারপাশে কুমির ঘেরা কারাগার নির্মাণের প্রস্তাব দিয়েছেন। ফিলিস্তিনি বন্দিদের প্রতি ইসরায়েলি কর্তৃপক্ষের নির্মম আচরণের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে এই প্রস্তাব।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১৩ জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) বেন গিভির ইসরায়েলি কারা কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব দেন। তার দাবি, ফিলিস্তিনি বন্দিরা যাতে কারাগার থেকে পালিয়ে যেতে না পারেন, সে জন্য কুমির বেষ্টিত একটি কারাগার স্থাপন করা উচিত।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি গৃহীত হলে কারাগারটি নির্মাণ করা হবে সিরিয়ার দখলকৃত গোলান উপত্যকার কাছাকাছি হামাত গাদের এলাকায়। এই অঞ্চলটি জর্ডান সীমান্তের কাছেও অবস্থিত।
প্রস্তাব অনুযায়ী, হামাত গাদের এলাকায় অবস্থিত একটি চিড়িয়াখানা থেকে কুমির এনে কারাগারের চারপাশে রাখা হবে। ওই কুমিরের বেষ্টনীর মধ্যেই ফিলিস্তিনি বন্দিদের আটকে রাখার পরিকল্পনা তুলে ধরেন বেন গিভির।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি কারা কর্তৃপক্ষের প্রধান কোবি ইয়াকোবির সঙ্গে বৈঠকের সময় এই প্রস্তাব দেন বেন গিভির। বৈঠকে উপস্থিত কিছু পুলিশ কর্মকর্তা প্রস্তাবটি শুনে হাসাহাসি করলেও কারা কর্তৃপক্ষ বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেয়নি।
চ্যানেল–১৩ জানায়, কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে এমন একটি কারাগার স্থাপনের বাস্তবতা ও সম্ভাব্যতা যাচাই করছে। তবে প্রস্তাবটি বাস্তবায়নের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এই প্রস্তাব ঘিরে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করছেন।

