ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শুভেন্দু অধিকারী কলকাতার বাংলাদেশ হাইকমিশনের সামনে দলবল নিয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কলকাতায় বাংলাদেশের হাইকমিশন রাখতে দেবেন না।
সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশনের সামনে উপস্থিত হন শুভেন্দু। তিনি বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাস হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করতে গিয়ে উগ্র মন্তব্য করেন।
এ সময় বার্তাসংস্থা এএনআইকে তিনি বলেন, “দীপুকে জীবিত পুড়িয়ে মারা হয়েছে। আমরা বাংলাদেশ হাইকমিশনকে এখানে থাকতে দেব না। বাংলাদেশকে হাইকমিশন তালা মেরে বন্ধ করতে হবে। আগামী ২৪ ডিসেম্বর সীমান্তে এক ঘণ্টার প্রতীকি অবরোধ করা হবে এবং ২৬ ডিসেম্বর আমরা পুনরায় জড়ো হবো।”
শুভেন্দুর আশপাশের উপস্থিত মানুষদের “জয় শ্রী রাম” স্লোগান দিতে শোনা যায়।
একই ঘটনায় ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার হওয়া ১২ আসামির প্রতি তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাদের পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করেছিলেন।
সোমবার দুপুরে ময়মনসিংহের ৮নং আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এই রিমান্ড আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন— আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫), লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মিরাজ হোসেন আকন (৪৬), আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) এবং নাজমুল (২১)।



