ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতের জম্মু ও কাশ্মিরের কিস্তওয়ারে বিক্ষোভ করেছে একটি হিন্দু সংগঠন। ওই বিক্ষোভে বক্তব্য দিতে গিয়ে বিজেপির নেতা এবং জম্মু ও কাশ্মির বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব থাকবেন না। তিনি দাবি করেন, মোদিকে যুক্তরাষ্ট্র ও চীন ভয় পায়।
বিক্ষোভে সুনীল শর্মা বলেন, বাংলাদেশে বর্তমানে যা ঘটছে, তার পেছনে কয়েকটি দেশের উসকানি রয়েছে। তার মতে, উদ্দেশ্য হলো ভারতকে একটি যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও চীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয় পায়। তিনি বিশ্বের মানুষের জন্য, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের কাছে আশার প্রতীক। ২০৪৭ সালের মধ্যে ভারত সামরিক ও অর্থনৈতিক দিক থেকে একটি সুপারপাওয়ারে পরিণত হবে। কিন্তু এই অগ্রযাত্রা থামাতে কয়েকটি দেশ একসঙ্গে ভারতকে দুর্বল করার ষড়যন্ত্র করছে।”
কাশ্মিরের ওই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সনাতন ধর্ম সেবা সংগঠনের সভাপতি মহন্ত রাম সারন দাস আচার্য্য। তারা সেখানে ‘বন্ধ’ কর্মসূচিও ঘোষণা করেন। এতে সাড়া দিয়ে কিস্তওয়ার এলাকার কিছু দোকানি তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।
সুনীল শর্মা আরো দাবি করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যেই বাংলাদেশে বিভিন্ন বিক্ষোভের আয়োজন করা হচ্ছে। তবে বাংলাদেশ ও পাকিস্তান প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি নীরব থাকবেন না বলে পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “বাংলাদেশ হোক বা পাকিস্তান— আমি নিশ্চিত, মোদিজি কখনো চুপ থাকবেন না।”

