ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস রাইফেলের দুর্ঘটনাবশত গুলিতে আহত হয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য। সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। বর্তমানে আহত জওয়ান আশঙ্কামুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আহত বিএসএফ সদস্যের নাম বিপিন কুমার (৩৫)। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য এবং ধর্মনগরের মহেশপুর ক্যাম্পে কর্মরত ছিলেন। ত্রিপুরার স্থানীয় সংবাদমাধ্যম ও সূত্র জানায়, সোমবার রাতে সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় ছিলেন তিনি। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অসাবধানতাবশত তার নিজের অস্ত্র থেকেই গুলি বের হয়ে শরীরে বিদ্ধ হয়।
বিএসএফ কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি একটি দুর্ঘটনাজনিত ঘটনা বা সেলফ ইনফ্লিকটেড ইনজুরি। ঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আগরতলার জিবি পান্ত হাসপাতালে স্থানান্তর করা হয়।
সীমান্ত সংশ্লিষ্ট একটি সূত্র ও স্থানীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে সীমান্ত পিলার ১৮১৮/১৯ এস-এর কাছে, যা ভারতের অভ্যন্তরে প্রায় ৮০০ গজ ভেতরে মহেশপুর বাজার এলাকায় অবস্থিত। এই স্থানটি বাংলাদেশের বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীন ফুলতলা বিওপির বিপরীত পাশে অবস্থান করছে।
সূত্রের দাবি অনুযায়ী, সোমবার রাতে মহেশপুর বাজারের একটি মদের দোকানে দুই বিএসএফ সদস্যের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। একপর্যায়ে রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে বিপিন কুমারের বাম কাঁধে দুটি গুলি লাগে। তবে বিএসএফ বা স্থানীয় পুলিশের পক্ষ থেকে এই বাদানুবাদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। পুলিশ জানিয়েছে, অস্ত্র দুর্ঘটনাবশত ফায়ার হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।
সর্বশেষ খবরে জানা গেছে, আগরতলায় চিকিৎসাধীন বিপিন কুমারের অবস্থা বর্তমানে স্থিতিশীল। পুরো ঘটনা নিয়ে বিএসএফের পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত চলছে।

