ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় নিয়মিত কনস্যুলার সেবা প্রদান বন্ধ থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা একটি প্রেসিডেন্সিয়াল নির্বাহী আদেশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিসমাস উপলক্ষে ফেডারেল কর্মচারীদের জন্য ছুটি ঘোষণার অংশ হিসেবে ট্রাম্প সম্প্রতি এক নির্বাহী আদেশে ক্রিসমাসের আগের দিন এবং পরের দিন অধিকাংশ ফেডারেল কর্মচারীদের ছুটি মঞ্জুর করেন। ওই আদেশ জারির কয়েক দিনের মধ্যেই ভারতে অবস্থিত সব মার্কিন কূটনৈতিক মিশনের কার্যক্রম বন্ধের ঘোষণা আসে।
এর ফলে ভিসা সাক্ষাৎকার, পাসপোর্ট প্রক্রিয়াকরণ, নথি যাচাইসহ সব ধরনের অ-জরুরি কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। ভারতজুড়ে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে এ সময় কোনো নিয়মিত সেবা পাওয়া যাবে না।
এ বিষয়ে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে জানায়, প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডারের আওতায় বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ থেকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সেবা বন্ধ থাকলেও ২৬ ডিসেম্বরের পর থেকে কনস্যুলার কার্যক্রম পুনরায় চালু হবে। নির্বাহী আদেশ অনুযায়ী, এ সময়ে ফেডারেল সরকারের সব নির্বাহী বিভাগ ও সংস্থা বন্ধ থাকবে এবং সংশ্লিষ্ট কর্মীরা ছুটি ভোগ করবেন।
তবে আদেশে এ-ও উল্লেখ করা হয়েছে যে, জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা বা জনস্বার্থসংশ্লিষ্ট প্রয়োজনের কথা বিবেচনা করে নির্বাহী বিভাগের প্রধানরা নির্দিষ্ট কিছু দপ্তর ও স্থাপনা খোলা রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।

