ভারতের পশ্চিমবঙ্গের রাইগঞ্জে বাংলাদেশি দুই টাকার বিপুল পরিমাণ নতুন নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। উদ্ধারকৃত নোটের সংখ্যা ৬০ হাজার, যার মোট মূল্য দাঁড়ায় ১ লাখ ২০ হাজার টাকা। ভারতের সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস বিভাগের একটি দল অবস্থান নেয়। ওই সময় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে করে দুই যুবক ওই এলাকা দিয়ে যাচ্ছিল। সন্দেহ হলে কাস্টমস সদস্যরা তাদের থামার সংকেত দেন।
প্রথমে থামার ভান করলেও হঠাৎ করে মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে তারা। কাস্টমস কর্মকর্তারা নিজেদের গাড়ি নিয়ে ধাওয়া করলে একপর্যায়ে ওই দুই যুবক রাস্তার ওপর বাংলাদেশি টাকার বাণ্ডিল ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে বাণ্ডিলগুলো জব্দ করে কাস্টমস কর্মকর্তারা দেখতে পান, সেখানে বাংলাদেশি দুই টাকার মোট ৬০ হাজার নোট রয়েছে। প্রাথমিক যাচাইয়ে জানা যায়, উদ্ধার হওয়া সব নোটই সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। এত বিপুল সংখ্যক নতুন বাংলাদেশি নোট কীভাবে ভারতের ভেতরে প্রবেশ করল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাইগঞ্জের পুলিশ সুপার অনুজ কুমার দাস জানান, পালিয়ে যাওয়া দুই যুবকের একজনের গায়ে ভলান্টিয়ারের জ্যাকেট ছিল। তিনি আরও বলেন, রাইগঞ্জ এলাকায় এর আগে কখনো এত বড় পরিমাণ বাংলাদেশি মুদ্রা উদ্ধারের ঘটনা ঘটেনি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও নোটগুলো সীমান্ত পেরিয়ে আসার পেছনের চক্র চিহ্নিত করতে তদন্ত চলছে।

