যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে শক্তিশালী তুষারঝড় আঘাত হেনেছে। এর প্রভাবে দেশটিতে হাজার হাজার ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় নিউইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সংবাদমাধ্যম সিবিএস নিউজ শনিবার (২৭ ডিসেম্বর) জানিয়েছে, নিউইয়র্কে স্মরণকালের অন্যতম সর্বোচ্চ তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী তুষারপাতের ফলে জমে থাকা বরফ শহরটির জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, নিউইয়র্ক এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। একই ধরনের পরিস্থিতির আশঙ্কা রয়েছে লং আইল্যান্ড ও উত্তর নিউ জার্সিতেও। অপরদিকে পূর্ব লং আইল্যান্ড এবং কানেক্টিকাটে ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
অতিরিক্ত তুষারপাতের কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে। এর ফলে নিরাপদ যান চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা বিভাগ বেশ কয়েকটি সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, সড়কগুলো অত্যন্ত পিছল হয়ে যেতে পারে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় ধীরগতিতে গাড়ি চালানোর জন্য চালকদের অনুরোধ জানানো হয়েছে।
নিউ জার্সিতেও তুষারঝড়ের প্রভাবে খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির অবনতি ঘটে। এর জেরে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। রাজ্যটির বিভিন্ন সড়ক বরফে ঢেকে গেছে এবং হিমশীতল বৃষ্টিতে জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়েছে।
এদিকে গতকাল শুক্রবার অন্তত এক হাজার ফ্লাইট বাতিল এবং চার হাজার ফ্লাইট স্থগিত করা হয়েছে। বড়দিন উপলক্ষে বছরের এই সময়ে যুক্তরাষ্ট্রে আকাশপথে যাত্রীর চাপ সবচেয়ে বেশি থাকে। তবে তুষারঝড়ের কারণে বিপুলসংখ্যক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

