আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে পরিচালিত সমন্বিত নিরাপত্তা অভিযানে মোট ১৯ হাজার ৮৭৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে চলমান নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৯৯১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৮০৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ৩ হাজার ৭৮ জন প্রবাসী রয়েছেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার যৌথ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৩১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপিয়ান, ৪৪ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ৪৬ জন প্রবাসীকেও আটক করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মসংস্থান সংক্রান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদি আরবে বসবাসরত ১৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে দেশটিতে ২৮ হাজার ৯৩৭ জন প্রবাসীর বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ২৭ হাজার ২৫৯ জন পুরুষ এবং ১ হাজার ৬৭৮ জন নারী। গ্রেপ্তারকৃতদের মধ্য থেকে ২০ হাজার ৩৭৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
এছাড়া আরো ৪ হাজার ৪৬৫ জন প্রবাসীকে সৌদি আরব থেকে প্রত্যাবাসনের চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে আটক হওয়া প্রবাসীদের মধ্যে ১৩ হাজার ২৪১ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা প্রদানকারী ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকতে বারবার আহ্বান জানিয়ে আসছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক দেশটির বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলো নিয়মিতভাবে আইন লঙ্ঘনের অভিযোগে প্রবাসীদের বিরুদ্ধে পরিচালিত ধরপাকড় অভিযান এবং অবৈধ অবস্থানকারীদের আটকের খবর প্রকাশ করে আসছে।

