ইউক্রেনে যুদ্ধাবসানের জন্য ওয়াশিংটনের নেতৃত্বে চলমান শান্তি সংলাপ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার তিনি ফ্লোরিডার পাম বিচে তার প্রাসাদ মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।
সেদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে বৈঠক করার জন্য ফ্লোরিডা যান। দুই নেতার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা মনে করি শান্তি সংলাপের চূড়ান্ত পর্যায়ে আছি। এখন আরো সতর্ক হতে হবে, নয়তো বিষয়টি দীর্ঘদিন স্থগিত থাকবে।”
ট্রাম্প জানান, বৈঠকে কিছু বিষয় এখনও অমীমাংসিত আছে, বিশেষ করে রাশিয়ার ভূখণ্ড দাবি সংক্রান্ত বিষয়। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক, লুহানস্ক এবং মধ্যাঞ্চলীয় ঝাপোরিজ্জিয়ার অংশ নিয়ন্ত্রণের দাবি করেছে। ইউক্রেন এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সাড়া দেয়নি।
সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রাপ্ত নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সামনের সপ্তাহে যুদ্ধাবসান সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আরো বৈঠক হবে।
ট্রাম্প পরে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে জানান, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা টেলিফোনে কথা বলেছেন। ট্রাম্প বলেন, “পুতিন যুদ্ধাবসানের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং আমাদের আলোচনাও ফলপ্রসূ হয়েছে।”
রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বাস্তবায়ন না করা এবং ন্যাটোর সদস্যপদ সংক্রান্ত কিয়েভের পদক্ষেপের কারণে এ সংঘাত দীর্ঘদিন ধরে চলেছে। ট্রাম্প এবং তার প্রশাসন ২০২৫ সালের ২০ জানুয়ারি তার পুনঃশপথের পর থেকে এই সংঘাত বন্ধের চেষ্টা করে আসছেন।

