যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে আকাশপথে মুখোমুখি সংঘর্ষে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশে এই দুর্ঘটনা ঘটে। এতে একজন পাইলট নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় পুলিশ জানায়, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার দ্রুত ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনাটি আকাশে মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটেছে। সংঘর্ষে এন্সট্রম এফ-২৮এ মডেলের একটি হেলিকপ্টার ও এন্সট্রম ২৮০সি মডেলের আরেকটি হেলিকপ্টার যুক্ত ছিল। প্রতিটি হেলিকপ্টারে শুধুই পাইলট ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টার দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে নিচে নামতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানার জন্য এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড যৌথভাবে তদন্ত চালাবে। দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল এবং দৃশ্যমানতাও ভালো ছিল।

