ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে যে গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা রাজ্য পুলিশ সম্পূর্ণ অস্বীকার করেছে।
সোমবার এক্সে প্রকাশিত পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, এই খবর ভিত্তিহীন এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
এর আগে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছিলেন, হাদির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তবে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই দাবিকে খণ্ডন করেছে।
বাংলাদেশ পুলিশ আরো দাবি করেছিল, হত্যাকাণ্ডে অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে। কিন্তু মেঘালয় পুলিশ ও বিএসএফ এই দাবিকে বিভ্রান্তিকর ও অসত্য হিসেবে উড়িয়ে দিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম পূর্বে জানিয়েছিলেন, হত্যাকাণ্ডের দিনই ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে শনাক্ত করা হয় এবং তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন টিম কাজ করছে। তবে মেঘালয় পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেছে, রাজ্যের কোথাও অভিযুক্তদের শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি এবং ‘পুর্তি’ ও ‘সামী’ নামের ব্যক্তিদের কোনো ভূমিকা যাচাইযোগ্য প্রমাণ ছাড়া বলা সম্ভব নয়।

