বছরের শেষ দিনে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’-এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চাঁদিপুরে প্রলয় ক্ষেপণাস্ত্রের ‘স্যালভো লঞ্চ’ বা জোড়া উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। একই লঞ্চার থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং উভয় ক্ষেপণাস্ত্রই নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়।
সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে প্রলয় ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ডিআরডিও সূত্রে জানা গেছে, লিড প্রোপেল্যান্ট ও আধুনিক নেভিগেশন ব্যবস্থাসমৃদ্ধ প্রলয় একটি স্বল্প পাল্লার আধা-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
উৎক্ষেপণ পরীক্ষার সময় ডিআরডিওর বিজ্ঞানী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের স্থল, নৌ এবং বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআরডিওকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে বলেন, পরপর দুটি ক্ষেপণাস্ত্রের এই সফল পরীক্ষা প্রমাণ করে দিয়েছে যে ‘প্রলয়’ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

