৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পর্যটন শহর আকাপুলকো থেকে সান মার্কোসের দূরত্ব প্রায় ৯২ কিলোমিটার।
উল্লেখ্য, মেক্সিকো সিটির সঙ্গে ঢাকার সময়ের পার্থক্য ১২ ঘণ্টার কিছু বেশি।
এদিকে ভূমিকম্পের সময় প্রেসিডেন্টের সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসের হলকক্ষে একটি সংবাদ ব্রিফিংয়ে অংশ নিচ্ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। ব্রিফিং চলাকালীন ভূমিকম্প সতর্কতা অ্যালার্ম বেজে উঠলে প্রেসিডেন্ট, সাংবাদিক ও উপস্থিত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুক্ষণ পর আবার ব্রিফিং শুরু হয়। তখন সাংবাদিকদের প্রেসিডেন্ট শিনবাউম জানান, তিনি ইতোমধ্যে গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
তিনি বলেন, গুয়েরেরোর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে দ্রুত তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত রাজধানী মেক্সিকো সিটি, গুয়েরেরো বা দেশের অন্য কোনো এলাকায় ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



