ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমের খবরের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে আনার পর মাদুরোকে প্রায় ২ হাজার ১০০ মাইল দূরের এই আটক কেন্দ্রে নেওয়া হয়।
আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র মামলায় আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার আগে মাদুরোকে এই কেন্দ্রে রাখা হবে বলে জানা গেছে।
গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার কারাকাসে অভিযান চালিয়ে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স মাদুরোকে তুলে আনে। অভিযানের সঙ্গে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও আনা হয়। তবে ফ্লোরেস বর্তমানে কোথায় আছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
অন্যদিকে, মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে তুলে আনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে চীন মন্তব্য করেছে। বেইজিং মাদুরো দম্পতিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে জোরপূর্বক আটক করা এবং দেশ থেকে নিয়ে যাওয়ার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে।

