নিপাহ ভাইরাস—
নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ ও ভারত থেকে আসা যাত্রীদের বিশেষভাবে পরীক্ষা করবে মালয়েশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: মালয় মেইল
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রী দাতুক সেরি ডাক্তার জুলকেফলি আহমেদ জানান, নিপাহ ভাইরাসের উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ—বিশেষ করে বাংলাদেশ ও ভারত—থেকে আগত যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। এটি মূলত সম্ভাব্য প্রাদুর্ভাবের প্রাথমিক প্রস্তুতি হিসেবে নেওয়া একটি পদক্ষেপ।
মন্ত্রী বলেন, দেশের সব বিমানবন্দরে বিশেষ পরীক্ষার বিষয়টি কার্যকর হবে। এর মধ্যে রয়েছে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা, কারণ নিপাহ ভাইরাসের অন্যতম লক্ষণ হলো উচ্চ তাপমাত্রা বা জ্বর।
তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভারত যেহেতু উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ, তাই এই দুই দেশ থেকে আসা যাত্রীদের বিশেষভাবে মনিটর করা হবে। তবে তাদের জন্য আলাদা কোনো রুট বা বিমানবন্দর ব্যবস্থা করা হবে না। যেকোনো যাত্রীর শরীরে যদি তাপমাত্রা বেশি ধরা পড়ে, তাহলে তাকে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য আলাদা করা হবে।
মন্ত্রণালয় আশা করছে, এই পদক্ষেপ দেশের মধ্যে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাবে।

