ভারতের ওপর নির্ধারিত বাণিজ্যশুল্ক ৫০ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
২ ফেব্রুয়ারি ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ টেলিফোনে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, তার দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি আছে। পাশাপাশি তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে তার দেশ প্রস্তুত।”
“প্রধানমন্ত্রী মোদির প্রতি সম্মান এবং তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে আমি তার অনুরোধে সায় দিয়েছি। এখন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত শুল্ক হবে ১৮ শতাংশ। খুব শিগগিরই এটি কার্যকর হবে।”
এর পর রাশিয়া থেকে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল কেনার অভিযোগে গত বছর আগস্টে ভারতের ওপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক পৌঁছায় ৫০ শতাংশে।
শুল্ক এই হারে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়ে। ফলে বাধ্য হয়েই বিকল্প বাজার খোঁজা শুরু করে ভারত। গত মাসের শেষ দিকে ইউরোপের সঙ্গে এক ঐতিহাসিক বাণিজ্যচুক্তি করে ভারত। সেই চুক্তিতে মুক্ত বাণিজ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

