ইউক্রেনের পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে এর আগে কখনও দেশটির বিদ্যুৎ ব্যবস্থার ওপর এত বড় আকারের হামলা চালায়নি রুশ বাহিনী। সূত্র: এএফপি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, আগের দিন সোমবার ইউক্রেনের পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন স্থাপনায় কমপক্ষে ৪৫০টি বিস্ফোরকবাহী ড্রোন এবং বিভিন্ন পাল্লার ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী।
সোমবার ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফর করেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তাঁর এই সফরের প্রতিক্রিয়াতেই রাশিয়া হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটেক এক বিবৃতিতে জানায়, সোমবারের হামলাটি চলতি বছরে দেশটির বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থার ওপর সবচেয়ে বড় আগ্রাসন। হামলায় প্রতিষ্ঠানটির ১০ জন কর্মচারী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
এমন এক সময়ে এই হামলা চালানো হলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের মধ্যে বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
জেলেনস্কি তাঁর বার্তায় বলেন, বর্তমানে ইউক্রেনে তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে এবং রাতে তা প্রায়ই মাইনাস ২০ ডিগ্রিতে পৌঁছায়। এমন পরিস্থিতিতে সাধারণ জনগণের মধ্যে ভয় ও ভোগান্তি ছড়িয়ে দিতেই এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

