ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত রাশিয়ার গুরুত্বপূর্ণ তামান বন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্দর দিয়ে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা এবং অন্যান্য পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। সূত্র: রয়টার্স
রাশিয়ার ক্রাসনোদার প্রদেশে অবস্থিত তামান বন্দরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন প্রদেশটির গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরের তেল সংরক্ষণাগার, গুদামঘর এবং টার্মিনালের বড় অংশ প্রায় ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার দিবাগত রাতে তামান বন্দরের পাশাপাশি কৃষ্ণ সাগর উপকূলীয় পর্যটন শহর সোচি এবং আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন হামলা চালানো হয়। তবে এসব এলাকা থেকে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইউক্রেনের সেনাবাহিনী তামান বন্দরে হামলার দায় স্বীকার করেছে। রোববার দেশটির সেনাপ্রধানের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, ভবিষ্যতে রাশিয়ার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।

