মধ্যপ্রাচ্য সংকটের কারণে এলপিজি সরবরাহ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় জরুরি পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। রান্নার গ্যাসের সম্ভাব্য ঘাটতি এড়াতে দেশের তেল শোধনাগারগুলোকে এলপিজি উৎপাদন সর্বোচ্চ করার নির্দেশ দেওয়া হয়েছে।
গেল বৃহস্পতিবার রাতে জারি করা একটি সরকারি আদেশের বরাতে এ তথ্য জানা গেছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ। গত বছর দেশটিতে ৩ কোটি ৩০ লাখ মেট্রিক টনের বেশি রান্নার গ্যাস ব্যবহার হয়েছে।
ভারতে এলপিজির চাহিদার বড় অংশ আসে বিদেশ থেকে। মোট ব্যবহারের প্রায় দুই-তৃতীয়াংশই আমদানি করতে হয়, যার ৮৫–৯০ শতাংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। বর্তমানে ওই অঞ্চলে চলমান উত্তেজনার কারণে সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে।
সরকারি আদেশে সব তেল শোধনাগারকে বলা হয়েছে, তাদের কাছে থাকা প্রোপেন ও বিউটেন—যা এলপিজির মূল উপাদান—সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করে উৎপাদন নিশ্চিত করতে হবে।
ভারতের সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৩৩ কোটি ২০ লাখ সক্রিয় এলপিজি গ্রাহক রয়েছেন। বিশাল এই জনগোষ্ঠীর রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে সরকার জরুরি ক্ষমতা প্রয়োগ করে আগাম ব্যবস্থা গ্রহণ করেছে।

