সাগরের বুকে এক ভয়াবহ হামলা, জাহাজভর্তি সোনা-রুপা লুট, যাত্রীদের ওপর নির্মম নির্যাতন এবং তারপর মূল হোতার রহস্যময় অন্তর্ধান। সতেরো শতকের ইংরেজ জলদস্যু হেনরি অ্যাভেরির জীবন যেন রোমাঞ্চকর কোনো উপন্যাস। তবে এই কাহিনির আড়ালে রয়েছে বহু মানুষের দুর্ভোগ। আর সেই এক হামলা নাড়িয়ে দিয়েছিল পরাক্রমশালী মোগল সাম্রাজ্যের সঙ্গে ইংরেজ বণিকদের সম্পর্ক।
অ্যাভেরির লক্ষ্য ছিল সম্রাট আওরঙ্গজেবের মালিকানাধীন বিশাল জাহাজ ‘গঞ্জ-ই-সাওয়াই’। পবিত্র মক্কায় হজ শেষে ফেরা যাত্রী ও বিপুল ধনসম্পদ নিয়ে জাহাজটি যাচ্ছিল ভারতের সুরাট বন্দরে। এ হামলার পর অ্যাভেরির নাম ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। তাঁর পরিচিতি হয় ‘জলদস্যুরাজ’ হিসেবে।
ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে জন্ম নেওয়া অ্যাভেরির প্রথম জীবন সম্পর্কে নিশ্চিত তথ্য খুব কম। ধারণা করা হয়, অল্প বয়সেই সমুদ্রের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। তিনি একসময় ইংল্যান্ডের রাজকীয় নৌবাহিনীতে কাজ করেছিলেন এবং পরে দাস ব্যবসায় জড়ান বলেও বর্ণনা পাওয়া যায়।
তাঁর জীবনের বড় বাঁক আসে ‘চার্লস টু’ নামের একটি জাহাজে। স্পেনের রাজার পক্ষে ফরাসি জাহাজের বিরুদ্ধে অভিযান চালানোর কথা ছিল সেটির। কিন্তু স্পেনের এক বন্দরে মাসের পর মাস আটকে থাকতে হয় নাবিকদের। বেতনও বন্ধ থাকে। ১৬৯৪ সালের মে মাসে সেই ক্ষোভকে কাজে লাগিয়ে বিদ্রোহ করেন অ্যাভেরি। জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নাম রাখেন ‘ফ্যান্সি’। গতি বাড়াতে বদল আনা হয় এর গড়নে। এরপর শুরু হয় তাঁর দস্যুজীবন।

কেপ ভার্দে দ্বীপপুঞ্জের কাছে ইংরেজ বণিকদের জাহাজ এবং আফ্রিকার উপকূলে ফরাসি ও ডেনিশ জাহাজে লুটপাট চালায় তাঁর দল। ১৬৯৫ সালের মাঝামাঝি দলটির সদস্যসংখ্যা দাঁড়ায় প্রায় ১৫০ থেকে ১৬০ জনে। ইউরোপীয় জলদস্যুতার তথাকথিত স্বর্ণযুগে অনেকে যখন আটলান্টিক ও ক্যারিবীয় অঞ্চলে সক্রিয়, অ্যাভেরির নজর তখন ভারত মহাসাগরের সমৃদ্ধ বাণিজ্যপথে। রেশম, মসলা ও মূল্যবান রত্ন বহনকারী জাহাজের কারণে সুরাট ছিল এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর।
একই বছরের আগস্টে অ্যাভেরি খবর পান, লোহিত সাগরের মোখা বন্দর থেকে ২৫টি জাহাজের একটি বহর সুরাটে ফিরছে। বিপুল সম্পদের আশায় আরও কয়েকটি জলদস্যু জাহাজের সঙ্গে জোট বাঁধেন তিনি। ধাওয়ার মুখে বহরের অনেক জাহাজ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে দস্যুদের কবলে পড়ে ‘ফাতেহ মোহাম্মদ’। সামান্য প্রতিরোধের পর সেটি দখল করে প্রায় ৫০ হাজার পাউন্ড মূল্যের সোনা-রুপা লুট করা হয়।
কিন্তু অ্যাভেরির আসল নজর ছিল গঞ্জ-ই-সাওয়াইয়ের দিকে। প্রায় ৮০টি কামান ও চার শতাধিক বন্দুকধারী সেনা থাকায় জাহাজটি দখল করা সহজ ছিল না। ৭ সেপ্টেম্বর শুরু হয় সংঘর্ষ। দস্যুদের গোলায় ভেঙে পড়ে মোগল জাহাজের প্রধান মাস্তুল। এর মধ্যে জাহাজের একটি কামানও বিস্ফোরিত হয়। দুই বিপর্যয়ে দুর্বল হয়ে পড়ে প্রতিরোধ। দস্যুরা জাহাজে উঠে পড়লে শুরু হয় রক্তক্ষয়ী লড়াই। একপর্যায়ে মোগল সেনাপতি ডেকের নিচে আশ্রয় নিলে সেনাদের মনোবল ভেঙে যায়।
এরপর যা ঘটেছিল, তা এই অভিযানের সবচেয়ে অন্ধকার অধ্যায়। মোগল ইতিহাসবিদ কাফি খানের ‘মুনতাখাব-উল-লুবাব’ গ্রন্থের বর্ণনা অনুযায়ী, প্রায় এক সপ্তাহ ধরে যাত্রীদের ওপর ভয়াবহ নির্যাতন চলে। বহু পুরুষ নিহত হন, নারীরা ধর্ষণের শিকার হন। সম্ভ্রম রক্ষার চেষ্টায় অনেক নারী সাগরে ঝাঁপ দেন বা নিজের প্রাণ নেন। আওরঙ্গজেবের এক বয়স্ক আত্মীয়ও নির্যাতিত হয়েছিলেন বলে কোনো কোনো বর্ণনায় দাবি করা হয়।
লুট হওয়া সোনা, রুপা ও রত্নের মূল্য ছিল আনুমানিক ৩ লাখ ২৫ হাজার থেকে ৬ লাখ পাউন্ড, যা বর্তমান হিসাবে কয়েক কোটি পাউন্ডের সমান। ইতিহাসের অন্যতম বড় জলদস্যু লুণ্ঠন হিসেবে বিবেচিত হয় ঘটনাটি। তবে বিপুল সম্পদের গল্প যত আকর্ষণীয়ই শোনাক, যাত্রীদের ওপর চালানো নৃশংসতা অ্যাভেরিকে ঘিরে তৈরি রোমাঞ্চকর ভাবমূর্তিকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে।
হামলার খবরে প্রচণ্ড ক্ষুব্ধ হন আওরঙ্গজেব। সন্দেহের তির যায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিকে। সুরাটে কোম্পানির কয়েকজন কর্মকর্তা ও বণিককে বন্দী করে মোগল কর্তৃপক্ষ। কাফি খানেরও ধারণা ছিল, জলদস্যুদের সঙ্গে কোম্পানির যোগসাজশ থাকতে পারে। ভারতে বাণিজ্য ঝুঁকিতে পড়ায় কোম্পানি ক্ষতিপূরণ দিতে রাজি হয়। ব্রিটিশ সরকারও বিপুল পুরস্কার ঘোষণা করে অ্যাভেরিকে ধরতে বড় অভিযান শুরু করে। এতে বোঝা যায়, সাগরের একটি অপরাধ কীভাবে কূটনীতি ও বাণিজ্যের বড় সংকটে রূপ নিতে পারে।
লুটের পর সঙ্গীদের নিয়ে বাহামা দ্বীপপুঞ্জে পালিয়ে যান অ্যাভেরি। ধনসম্পদ লুকিয়ে রাখেন ফ্যান্সির ডেকের নিচে এবং ঘুষ দিয়ে স্থানীয় গভর্নরকে নিজের পক্ষে টানেন। পরে দলের সদস্যরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। কয়েকজন ধরা পড়ে ফাঁসিতে ঝুললেও অ্যাভেরির নাগাল পাওয়া যায়নি।
এই পলায়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জোনস বিচের নামও আলোচনায় এসেছে। সৈকতটির নাম যাঁর নামে, সেই নাবিক টমাস জোনস অর্থের বিনিময়ে অ্যাভেরিকে পালাতে সহায়তা করেছিলেন বলে ধারণা দিয়েছেন মার্কিন ইতিহাস গবেষক জেমস বেইলি। তবে অনেক ইতিহাসবিদ এ যোগসূত্র মানতে নারাজ।
অ্যাভেরির শেষ জীবন নিয়েও মতভেদ কম নয়। একটি প্রচলিত বর্ণনায় বলা হয়, ‘ব্রিজম্যান’ ছদ্মনামে তিনি আয়ারল্যান্ডে চলে যান। সে সময় অনেকের বিশ্বাস ছিল, লুটের অর্থে নিশ্চিন্তে বাকি জীবন কাটিয়েছেন তিনি। আরেক কাহিনি বলছে, ইংল্যান্ডে ফিরে প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারান অ্যাভেরি। মৃত্যুর সময় কফিন কেনার অর্থও নাকি তাঁর ছিল না।
সামুদ্রিক প্রত্নতত্ত্ব গবেষক শন কিংসলে ও রেক্স কোয়ান আবার সামনে এনেছেন ভিন্ন দাবি। তাঁদের মতে, দস্যুতা ছেড়ে অ্যাভেরি রাজা তৃতীয় উইলিয়ামের পক্ষে গুপ্তচরের কাজে যুক্ত হয়েছিলেন। ফরাসি আক্রমণ ও সিংহাসনবিরোধী ষড়যন্ত্র ঠেকানোর গোয়েন্দা তৎপরতার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
তিন শতাব্দীরও বেশি সময় পরে এসব বর্ণনার কোনটি সত্য, সে প্রশ্নের চূড়ান্ত উত্তর মেলেনি। অ্যাভেরি হারিয়ে গেছেন রহস্যের আড়ালে, তবে জলদস্যুতার বিপদ পুরোপুরি হারিয়ে যায়নি। একুশ শতকেও ভারত মহাসাগর, বিশেষ করে সোমালিয়া উপকূল, মনে করিয়ে দেয় যে সমুদ্রপথের নিরাপত্তা আজও বিশ্ববাণিজ্য ও মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক, হিস্ট্রি ডটকম, দ্য গার্ডিয়ান, স্ক্রল, অ্যাসোসিয়েটেড প্রেস ও স্মিথসোনিয়ান ম্যাগাজিন

