বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং বাজারে চাহিদার তুলনায় অতিরিক্ত সরবরাহ তৈরি হওয়ার আশঙ্কায় মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দামে এই পতন দেখা যায়। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি।
মঙ্গলবার গ্রিনিচ মান সময় সকাল ৯টা ১৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা ০.৮ শতাংশ কমে ৮৮.৬২ ডলারে নেমে আসে। লেনদেনের একপর্যায়ে এ তেলের দাম গত ২৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ৬৪ সেন্ট বা ০.৮ শতাংশ কমে ৭৯.৫৩ ডলারে দাঁড়ায়। এ তেলের দাম গত ১০ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, দুটি কারণে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে বাজারের উদ্বেগ কিছুটা কমেছে। দ্বিতীয়ত, কৌশলগত মজুত থেকে তেল সরবরাহ বাজারে পর্যাপ্ত জোগান বজায় রাখতে সহায়তা করছে। যদিও আঞ্চলিক রপ্তানি কমেছে এবং চীনের চাহিদা বেড়েছে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকার পরও সরবরাহ পরিস্থিতি তুলনামূলক স্বস্তিদায়ক রয়েছে। ফলে সাম্প্রতিক দিনগুলোতে ব্রেন্ট তেলের দাম বাড়ার গতি হারিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও জাহাজ চলাচলে বিঘ্নের পাশাপাশি ভবিষ্যতে বাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনাও এখন বিবেচনায় নিচ্ছেন বিনিয়োগকারীরা।
তবে তেলের দাম আবার বাড়তে পারে বলে সতর্ক করেছেন ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণাপ্রধান সুব্রো সরকার। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার অগ্রগতির ওপর বাজারের পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে। দুই পক্ষই হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখার সক্ষমতা ও অবস্থান নিয়ে একে অপরের দৃঢ়তা যাচাই করতে পারে। এতে নতুন করে উত্তেজনা তৈরি হলে তেলের দাম বাড়ার ঝুঁকি রয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলের ট্যাংকারে আগুন ধরে যায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জাহাজগুলোকে নিয়ম লঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রায় ৫০টি জ্বালানিবাহী ট্যাংকারে চালানো সাইবার হামলার সঙ্গে ইরানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
এদিকে লিবিয়ার শরারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে। একটি অননুমোদিত গোষ্ঠী পাইপলাইনের একটি ভালভ বন্ধ করে দেওয়ার পর সরবরাহ ব্যাহত হয়েছিল। লিবিয়ার জাতীয় তেল করপোরেশনের চেয়ারম্যান সোমবার রয়টার্সকে জানান, পাইপলাইনটি পুনরায় চালু হওয়ার পর জাওইয়ার আকাকুস স্থাপনার মজুত ট্যাংকে তেল প্রবাহ শুরু হয়েছে।
অন্যদিকে চলতি বছর রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল আমদানির পথে রয়েছে চীন ও ভারত। ট্যাংকার চলাচলের তথ্য এবং শিল্পসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ইরান যুদ্ধের কারণে সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে, রাশিয়ার তেল আমদানি বাড়িয়ে তা পূরণের চেষ্টা করছে দেশ দুটি।
মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখতে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে ভারত ও চীনের জন্য তেল সরবরাহকারী ও পরিবহনকারী জাহাজের সংখ্যা বেড়েছে। এতে দেশ দুটি রাশিয়া থেকে আরও বেশি তেল কেনার সুযোগ পেয়েছে।
সরবরাহ পরিস্থিতির উন্নতি তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করলেও বাজার এখনো ঝুঁকিমুক্ত নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এএনজেড ব্যাংকের জ্যেষ্ঠ পণ্যবাজার কৌশলবিদ ড্যানিয়েল হাইনস এক গ্রাহকবার্তায় বলেন, তেলের দাম, ভবিষ্যৎ সরবরাহ চুক্তির মূল্যপার্থক্য, পরিশোধন মুনাফা এবং বিনিয়োগকারীদের অবস্থান—সবকিছুতেই বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা দেখা যাচ্ছে। তবে পরিবহন ও সরবরাহব্যবস্থায় এখনো সীমাবদ্ধতা রয়েছে এবং মজুতের সুরক্ষাব্যবস্থাও পর্যাপ্ত নয়।
ডয়েচে ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে বিশ্ববাজারে পর্যবেক্ষণাধীন তরল জ্বালানির মজুত বেড়েছে। এতে প্রতিদিন ১৭ লাখ ব্যারেল অতিরিক্ত সরবরাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ব্যাংকটির গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, বৈশ্বিক তেলের বাজার ধীরে ধীরে ভারসাম্য ফিরে পাচ্ছে এবং অতিরিক্ত সরবরাহের দিকে যাচ্ছে—এমন প্রমাণ ক্রমেই বাড়ছে। তবে নতুন কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলে এই অগ্রগতি ব্যাহত হতে পারে।
এদিকে রয়টার্সের প্রাথমিক জরিপে অংশ নেওয়া বিশ্লেষকেরা ধারণা করছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির মজুত বেড়ে থাকতে পারে।
অন্যদিকে ইরাকের প্রধানমন্ত্রী কুর্দি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর তেলক্ষেত্র পরিচালনার দায়িত্ব কেন্দ্রীয় তেল মন্ত্রণালয়কে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ সিদ্ধান্তের ফলে বাগদাদ ও আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

