বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ২০২৭ সালের তেল উৎপাদন নীতি নিয়ে আলোচনায় বসছে ওপেক প্লাস জোট। আগামীকাল রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠেয় বৈঠকে সদস্যদেশগুলোর উৎপাদন লক্ষ্যমাত্রা এবং সর্বোচ্চ টেকসই উৎপাদন সক্ষমতা পর্যালোচনার কথা রয়েছে। তবে উৎপাদন সক্ষমতার নতুন হিসাব নিয়ে কয়েকটি দেশের আপত্তি থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি সদস্যদেশের তেল রপ্তানি ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নতুন সক্ষমতা মূল্যায়ন নিয়ে মতবিরোধের কারণে ওপেক প্লাস ২০২৭ সালের প্রথম প্রান্তিকে বর্তমান উৎপাদন লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈঠকে উৎপাদন নীতির পাশাপাশি সক্ষমতা মূল্যায়নের কাজ কত দূর এগিয়েছে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এবার প্রথমবারের মতো জোটের সদস্যদেশগুলোর সর্বোচ্চ টেকসই তেল উৎপাদন সক্ষমতা স্বাধীনভাবে পর্যালোচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ডিগোলিয়ার অ্যান্ড ম্যাকনটন প্রায় দুই বছর ধরে এ মূল্যায়নের কাজ করেছে। ভবিষ্যতে দেশগুলোর উৎপাদন কোটা নির্ধারণে এই সক্ষমতার হিসাব ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ওপেক মহাসচিব হাইথাম আল গাইসের ভাষ্য অনুযায়ী, স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় প্রতিটি দেশের উৎপাদন সক্ষমতা মূল্যায়ন করা হয়েছে।
তবে মূল্যায়নের ফল নিয়ে আপত্তি জানিয়েছে ইরাক ও কাজাখস্তান। রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রাথমিক সমীক্ষায় ইরাকের উৎপাদন সক্ষমতা দৈনিক ৪৯ লাখ ব্যারেল নির্ধারণ করা হয়েছে। কিন্তু দেশটির দাবি, তাদের সর্বোচ্চ সক্ষমতা ৫২ লাখ ব্যারেল। ইরাকের জ্বালানিমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদাইর বলেছেন, জ্বালানি অবকাঠামোর উন্নয়ন ও খাতটির সম্প্রসারণের জন্য দেশটির উৎপাদন কোটা বাড়ানো প্রয়োজন। কাজাখস্তানও তাদের উৎপাদন সক্ষমতার মূল্যায়ন বাড়ানোর দাবি জানিয়েছে।
রাশিয়ার উৎপাদন সক্ষমতা ও প্রকৃত উৎপাদনের ব্যবধানও আলোচনায় আসতে পারে। ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির উৎপাদন ও রপ্তানিতে চাপ তৈরি হয়েছে। অন্যদিকে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে বাধার কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহেও অনিশ্চয়তা রয়েছে।
এ পরিস্থিতিতে জোটের সংহতি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। চলতি বছরের ১ মে সংযুক্ত আরব আমিরাত ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যায়। উৎপাদন সক্ষমতা বাড়লেও নির্ধারিত কোটা সেই বিনিয়োগের প্রতিফলন ঘটাচ্ছে না, এমন অভিযোগ ছিল দেশটির। ইরাকও উৎপাদন কোটা না বাড়লে জোট ছাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে।
অন্যদিকে, তেলের বাজারে সম্ভাব্য সরবরাহ উদ্বৃত্তের পূর্বাভাস উৎপাদন নীতিকে আরও জটিল করছে। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির হিসাবে, উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হলেও ২০২৭ সালে বিশ্ববাজারে দৈনিক গড়ে প্রায় ৫০ লাখ ব্যারেল তেল উদ্বৃত্ত থাকতে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নভেম্বরের পূর্বাভাসেও আগামী বছর বিশ্বে তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়ার কথা বলা হয়েছে। ফলে উৎপাদন বাড়ানো বা বর্তমান কোটা ধরে রাখার সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দামের ওপর প্রভাব পড়তে পারে।

