দিনের আলোতে আল-নাফাক স্ট্রিটের ব্যস্ত বাজার এলাকায় বোমাটি আঘাত হানে। সেই একই রাস্তায়, তিন বছর বয়সী ইয়াহিয়া আল-মালাহি তার বাবার সঙ্গে এক আত্মীয়ের বাড়ি থেকে বের হচ্ছিল। একটি বিয়েতে যোগ দেওয়ার জন্য সে নতুন পোশাক পরেছিল। তারা সেই অনুষ্ঠানের প্রস্তুতিতে সাহায্য করতে সেখানে গিয়েছিল।
এর কিছুক্ষণ পরেই, কাছের একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইয়াহিয়া ঘটনাস্থলেই নিহত হয়।
এই বোমা হামলা আরও একবার মনে করিয়ে দেয় যে, একসময় আশা ও মানবতার প্রতীক হিসেবে বিবেচিত মার্কিন যুক্তরাষ্ট্র আজ পৃথিবীর অন্যতম অবিশ্বস্ত একটি দেশ। যাদের এর প্রমাণ প্রয়োজন, তাদের গাজার দিকে তাকালেই চলবে।
হামলার পর, ধুলোমাখা বিক্রেতারা ধোঁয়ার মধ্য থেকে বেরিয়ে এসে তাদের জিনিসপত্র যা কিছু সম্ভব তা বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। অন্যরা আহতদের দিকে ছুটে গিয়ে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ টেনে বের করছিল, যার মধ্যে কিছু ছিল প্রাণহীন এবং কিছু তখনও শ্বাসপ্রশ্বাস নিচ্ছিল। কাছাকাছি থাকা ট্যাক্সিগুলো তীব্র শব্দ করে থেমে যায়, আর যাত্রীরা, যাদের মধ্যে অনেকেই নারী, আতঙ্কে পালাতে থাকে।
এটি ছিল বিশৃঙ্খলা ও আতঙ্কের এক দৃশ্য, যা ফিলিস্তিনি জীবনের চরম অবমূল্যায়নকে নগ্নভাবে উন্মোচন করে এবং জাতিসংঘের হাই কমিশনারের বর্ণনাকৃত “ব্যাপক বিচারহীনতার দ্বারা সম্ভব হওয়া ফিলিস্তিনি জীবনের প্রতি অব্যাহত অবজ্ঞা”-রই প্রতিধ্বনি করে।
গাজার বন্দিশিবিরে বন্দী বিশ লক্ষ ফিলিস্তিনির মতোই, আল-নাফাক বরাবর বসবাসকারী, চলাচলকারী ও কর্মরত মানুষেরাও ইসরায়েলি বিমান বাহিনীর অগণিত ও নিরলস আক্রমণের শিকার হয়েছে। গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও এই পরিস্থিতি অব্যাহত রয়েছে, যা দৈনন্দিন জীবনের অবস্থার পরিবর্তনে সামান্যই ভূমিকা রেখেছে।
ঘটনার পরবর্তী ফুটেজে দেখা যায়, ইয়াহিয়ার বাবা দেয়ালে পিঠ দিয়ে হাঁটু গেড়ে বসে তাঁর একমাত্র ছেলের ছোট্ট দেহটি কোলে ধরে আছেন।
শিশুটির রক্ত তার নতুন জামাকাপড় ভিজিয়ে মাটিতে টপ টপ করে পড়ছে, আর তিনি যন্ত্রণায় আর্তনাদ করে বলছেন: “আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে উত্তম কিছু দিয়ে প্রতিদান দাও। হে আল্লাহ, আমাদেরকে উত্তম কিছু দিয়ে প্রতিদান দাও।” তিনি এই প্রার্থনাটি বারবার আওড়াতে থাকেন, যেন এই কথাগুলোই তাকে টিকিয়ে রাখবে।
তার পাশে, রক্তমাখা সাদা শার্ট পরা এক ব্যক্তি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার মুখে কোনো কথা নেই। সে শিশুটির দিকে তাকায়, তার রক্তমাখা নিথর দেহটি স্পর্শ করে, বসে পড়ে, আবার উঠে দাঁড়ায়, বাবার মাথায় চুম্বন করে, তারপর আবারও বসে পড়ে; আতঙ্কে সে অস্থির হয়ে ওঠে। ইয়াহিয়ার বাবা তাকে শান্ত করার চেষ্টায় ফিসফিস করে বলেন: “সব ঠিক আছে… সব ঠিক আছে… আল্লাহ আমাদের প্রতিদান দিন, আবু আইমান।”
এই হামলায় আরও চারজন নিহত এবং নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
কোনো যুদ্ধবিরতি নেই
গাজা শহরের কেন্দ্রস্থলে আল-নাফাক সড়কটি আল-তুফাহ (আপেল) এবং আল-জাইতুন (জলপাই) এলাকা দুটিকে বিভক্ত করেছে। শেখ রাদওয়ান পেরিয়ে আরও উত্তরে গেলে জাবালিয়ায় প্রবেশ করা যায়, যা একসময় বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরের আবাসস্থল ছিল। বর্তমানে এটিও বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল।
কাছাকাছি, ১৪ বছর বয়সী আহমেদ হালাওয়া ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর গুলিতে আহত হয়। তার মরদেহ দ্রুত আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান হয়ে তাকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছিলেন।
পরবর্তীতে সেই একই দিনে, ১৪ই এপ্রিল, পশ্চিম গাজা শহরের আল-শাতি (সৈকত) ক্যাম্পের একটি ক্যাফের কাছে বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।
এই হামলায় পশ্চিম গাজা শহরের বেশিরভাগ অংশে বিদ্যুৎ সরবরাহকারী একটি বড় বিদ্যুৎ জেনারেটরকেও লক্ষ্যবস্তু করা হয়। এখন আল-শাতি অন্ধকারে ডুবে আছে। আমার ভাবি সেখানে থাকেন; বারবার ফোন করেও আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না।
তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল পরিকল্পিতভাবে ও নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। ‘যুদ্ধবিরতি’ পরিস্থিতিতে প্রায় ছয় মাসে ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
শুধু এপ্রিল মাসেই এই ধারাটি সুস্পষ্ট: ৬ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের বহনকারী চালকসহ সাতজন নিহত; ৭ এপ্রিল ১০ জন; ১১ এপ্রিল ১১ জন; ১২ এপ্রিল একজন; ১৩ এপ্রিল তিনজন এবং ১৪ এপ্রিল আরও ১১ জন। মাসের প্রথম দুই সপ্তাহেই ৫০ জন ফিলিস্তিনি নিহত হন।
যাকে যুদ্ধবিরতি বলা হয়, তা এখন সম্পূর্ণ ভিন্ন কিছুতে পরিণত হয়েছে: নিরস্ত্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যামূলক সহিংসতার এক স্বাভাবিকীকরণ। গত সাত মাসে এবং বিশেষ করে যখন ইরান ও লেবাননের ওপর আগ্রাসনের দিকে মনোযোগ সরে গেছে, ইসরায়েলের গণহত্যা তার এক নীরব পর্যায়ে প্রবেশ করেছে: যা কম দৃশ্যমান, কিন্তু কম প্রাণঘাতী নয়।
কিন্তু গাজায় মৃত্যু সবসময় এক মুহূর্তে আসে না। প্রাথমিক আঘাতের পর বেঁচে থাকা মানেই নিরাপত্তা নয়।
দুর্বৃত্ত শক্তি
১১ই এপ্রিল, মধ্য গাজার দেইর আল-বালাহ শরণার্থী শিবিরে, কিডনি ডায়ালাইসিস রোগীরা আল-আকসা শহীদ হাসপাতালে সামনে সবচেয়ে মৌলিক অধিকার—স্বাস্থ্য ও বেঁচে থাকার অধিকারের দাবিতে বিক্ষোভ করেন। তারা রাফাহ ক্রসিং সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আহ্বান জানান, যাতে তারা জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন, যা গাজার অভ্যন্তরে আর পাওয়া যাচ্ছে না।
তাদের এই প্রতিবাদ ভঙ্গ হওয়া যুদ্ধবিরতির আরেকটি দিক উন্মোচন করে: ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করা, যেখানে জীবনধারণই অসম্ভব হয়ে পড়ে।
চুক্তি অনুযায়ী, হাজার হাজার রোগী ও আহত ব্যক্তিকে—আনুমানিক ১৭,০০০ মানুষ—জরুরি চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ করে দিতে রাফাহ ক্রসিংটি খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে, ইসরায়েল প্রতিদিন মাত্র ১৫ থেকে ২৫ জন রোগীকে পার হওয়ার অনুমতি দেয়। এই হারে, এই রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে প্রায় তিন বছর সময় লাগবে—যে সময়টা তাদের হাতে নেই।
১২ই এপ্রিল, খান ইউনিসের নাসের হাসপাতালের জেনারেল ম্যানেজার ডক্টর আতেফ আল-হুত একটি প্রধান জেনারেটর বিকল হয়ে যাওয়ার পর জরুরি আবেদন জানান। এই ব্যর্থতার কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে অপারেশন কক্ষের সংখ্যা কমাতে এবং অপরিণত শিশুদের পরিচর্যাসহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হতে হয়। ডক্টর আল-হুত বলেন যে, এই ধরনের সংকট চলমান অবরোধের সরাসরি ফল, যা হাসপাতালের মৌলিক রক্ষণাবেক্ষণ ও টিকে থাকার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, জ্বালানি এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর প্রবেশে বাধা সৃষ্টি করছে।
এই ক্রমবর্ধমান চিকিৎসা বিপর্যয়ের বিষয়ে বলতে গিয়ে ফিলিস্তিনি চিকিৎসক এবং ফিলিস্তিনি জাতীয় উদ্যোগের মহাসচিব ডক্টর মুস্তফা বারঘৌথি উল্লেখ করেন যে, দখলদার শক্তি ইসরায়েল মানবিক সাহায্যের প্রবেশ কঠোরভাবে সীমিত করে চলেছে। গণহত্যা শুরু হওয়ার পর থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে গাজায় একটিও চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করেনি।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০টি ট্রাক গাজায় প্রবেশ করার কথা ছিল। এই শর্তেও গাজার ফিলিস্তিনিরা তাদের মৌলিক চাহিদা মেটাতে পারত না, কারণ এর জন্য কমপক্ষে ১,০০০ ট্রাকের প্রয়োজন হতো। কিন্তু ইসরায়েল প্রতিশ্রুত ৬০০ ট্রাকের প্রায় ৮০ শতাংশ আটকে দিয়েছে, যার অর্থ হলো গাজা প্রতিদিন প্রায় ২০০টি ট্রাক পাচ্ছে—যা বিশেষজ্ঞদের মতে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ১,০০০ ট্রাকের মাত্র ২০ শতাংশ।
মাই লাই থেকে মন্টগোমারি হয়ে গুয়ান্তানামো পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্র দেশে ও বিদেশে গভীর সহিংসতা এবং স্ববিরোধিতায় পরিপূর্ণ এক নিষ্ঠুর সাম্রাজ্যবাদী শক্তি হিসেবেই সর্বদা পরিচিত।
তবুও এটি একটি নির্দিষ্ট প্রতিশ্রুতি তুলে ধরে আশার ক্ষীণ আলোও দেখিয়েছে: সাংবিধানিক অধিকার এবং সার্বজনীন মানবিক মর্যাদার ওপর ভিত্তি করে এর নিজস্ব একটি ধারণা। প্রতিষ্ঠার সময় এটি মানবাধিকারের প্রতি একটি ঘোষিত অঙ্গীকার দ্বারা অনুপ্রাণিত ছিল, যদিও দাসপ্রথা, বর্ণবৈষম্য এবং চলমান জাতিগত ও ঔপনিবেশিক সহিংসতার মতো কর্মকাণ্ডের দ্বারা সেই প্রতিশ্রুতি বারবার ক্ষুণ্ণ হয়েছে।
তাই মার্কিন যুক্তরাষ্ট্র তার মহত্তম আকাঙ্ক্ষা এবং নিকৃষ্টতম কর্মকাণ্ডের মধ্যে দোদুল্যমান থেকেছে। তবে, গাজা, ইরান এবং লেবাননের ক্ষেত্রে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন তার সবচেয়ে ধ্বংসাত্মক প্রবৃত্তিগুলোর আরও দৃঢ়ীকরণকে প্রকাশ করে। এই প্রবৃত্তিগুলোর কারণেই হার্ভার্ডের অধ্যাপক স্টিফেন এম ওয়াল্ট মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন।
তবে, এগুলো কোনো বিমূর্ত ভূ-রাজনৈতিক বিতর্ক নয়। গাজার ইয়াহিয়া ও আহমেদের মতো মানুষের শরীর ও জীবনে এগুলো গেঁথে আছে, যাদের সংক্ষিপ্ত জীবন বিমান হামলার ধ্বংসস্তূপে শেষ হয়ে গেছে এবং লেবানন ও ইরানের অগণিত নিরীহ মানুষের মাঝেও, যাদের জীবন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট, অস্ত্রসজ্জিত বা এমনকি নেতৃত্বাধীন আগ্রাসনে অকালে ঝরে যায়।
এই প্রেক্ষাপটেই ইতিহাস তার রাজত্বকে স্মরণ করবে।
- ডক্টর গাদা আগিল: কানাডার এডমন্টনে অবস্থিত আলবার্টা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন ভিজিটিং অধ্যাপক। সূত্র: ‘মিডল ইস্ট আই’-এর ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত

