একজন ব্যাংকারের সবচেয়ে বড় দুঃস্বপ্ন কী? কোটি কোটি টাকার ক্লাসিফাইড লোন (CL) রিকভারির জন্য বছরের পর বছর আদালতে দৌড়ানো এবং শেষ মুহূর্তে কেবল একটি মাত্র “ছোট্ট কাগজের টুকরোর” অভাবে পুরো মামলাটি খারিজ হয়ে যাওয়া! হ্যাঁ, ব্যাংকিং জগতের কঠিন আইনি লড়াইয়ে এই ছোট্ট কিন্তু মারাত্মক শক্তিশালী হাতিয়ারটি হলো ‘রেজিস্টার্ড উইথ এডি’ (Registered Post with Acknowledgement Due)।
আপাতদৃষ্টিতে এটিকে ডাকবিভাগের সাধারণ একটি চিঠিপত্র মনে হলেও, অর্থঋণ আদালত কিংবা চেক ডিজঅনার (NI Act) মামলার প্রাথমিক ধাপেই এর গুরুত্ব অপরিসীম। ব্যাংকের শত কোটি টাকার রিকভারি আটকে যেতে পারে, যদি লোন রিকভারি টিম এই একটি জায়গায় ভুল করে। অনেকে একে কেবলই একটি খাম বা টুকরো কাগজ মনে করে বসেন, কিন্তু আইনি ভাষায় এটি হলো বিবাদীকে খাঁচায় বন্দি করার অকাট্য ‘রিসিভ কপি’ বা প্রাপ্তিস্বীকার পত্র।
আসুন আইন বা ব্যাংকারদের দৃষ্টিকোণ থেকে সহজ ভাষায় জেনে নেওয়া যাক এটি আসলে কী এবং এই ছোট্ট কাগজটির অনুপস্থিতি আপনার রিকভারি মামলাকে কতটা ভয়াবহ বিপদে ফেলতে পারে।
রেজিস্টার্ড উইথ এডি’ আসলে কী এবং ব্যাংকিংয়ে এর ব্যবহার কী?
সহজ কথায়, ‘রেজিস্টার্ড উইথ এডি’ হলো বাংলাদেশ ডাকবিভাগের এমন একটি বিশেষ রেজিস্ট্রি চিঠি পাঠানোর প্রক্রিয়া, যার মাধ্যমে প্রেরক নিশ্চিত হতে পারেন যে তাঁর পাঠানো চিঠি বা নোটিশটি সঠিক ব্যক্তির হাতে পৌঁছেছে। এর পূর্ণরূপ হলো Registered Post with Acknowledgement Due। বাংলায় একে বলা হয় “প্রাপ্তিস্বীকারপত্রসহ রেজিস্ট্রি ডাক”। ব্যাংকিং সেক্টরে এর প্রধান ব্যবহারসমূহ:
-
ঋণ পরিশোধের চূড়ান্ত নোটিশ: খেলাপী গ্রাহককে অর্থঋণ আদালত আইনে মামলা করার আগে প্রদত্ত চূড়ান্ত তাগিদপত্র বা লিগ্যাল নোটিশ পাঠাতে।
-
চেক ডিজঅনারের আইনি নোটিশ: NI Act-এর ১৩৮ ধারার মামলার প্রধানতম শর্তই হলো চেক ডিজঅনার হওয়ার ৩০ দিনের মধ্যে গ্রাহককে লিখিত আইনি নোটিশ দেওয়া, যা Registered Post with Acknowledgement Due মাধ্যমে পাঠানো বাধ্যতামূলক। প্রাপ্তিস্বীকারপত্র যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
-
বন্ধকী সম্পত্তি বিক্রয়ের নোটিশ: অর্থঋণ আদালত আইনের ১২ ধারা অনুযায়ী ব্যাংকের হেফাজতে থাকা বন্ধকী সম্পত্তি (Mortgaged Property) নিলাম বিক্রয়ের পূর্বে গ্রাহক ও গ্যারান্টরকে নোটিশ প্রদান।
-
গ্যারান্টর ও ডিরেক্টরদের নোটিশ: মূল ঋণগ্রহীতার পাশাপাশি গ্যারান্টরদের দায়বদ্ধ করার জন্য জরুরি দাপ্তরিক চিঠি পাঠানো হয় ঋণ বিষয়টি অবহিত করার জন্য। উক্ত দাবি জানানো হয়েছে কি না বা তিনি উক্ত চিঠি রিসিভ করেছেন কি না তা জানার জন্য রেজিস্টার এডি ডকুমেন্ট দরকার হয়।
কাজের প্রক্রিয়া ও মেকানিজম: আপনি যখন কোনো চিঠির খামের ওপর AD কার্ড জুড়ে পোস্ট করবেন, তখন চিঠিটি যখন গ্রাহকের কাছে পৌঁছাবে, পোস্টম্যান গ্রাহকের (বা তাঁর প্রতিনিধির) রিসিভ স্বাক্ষর বা সিল ওই কার্ডে নিয়ে নেবেন। পরবর্তীতে ডাকবিভাগ ওই স্বাক্ষরযুক্ত কার্ডটি (Acknowledgement Due Card) ফেরত এনে প্রেরকের ঠিকানায় পৌঁছে দেবে। আদালতে এই কার্ডটিই ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহৃত হবে।
২. কোন কোন কঠিন আইন বলে এই প্রাপ্তিস্বীকার ডকুমেন্ট থাকা বাধ্যতামূলক? বাংলাদেশের প্রচলিত দেওয়ানি ও ব্যাংকিং আইনগুলোতে এই প্রাপ্তিস্বীকার (AD) কার্ডকে মামলার ভিত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আইনগুলো হলো:
-
দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭ (ধারা ২৭): এই আইনের স্পষ্ট বলা হয়েছে, কোনো আইন অনুযায়ী যদি কাউকে নোটিশ পাঠাতে হয় এবং তা যদি সঠিক ঠিকানা লিখে, ডাকমাশুল দিয়ে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠানো হয়, তবে আইন ধরে নেবে চিঠিটি নির্দিষ্ট সময়ে প্রাপকের কাছে পৌঁছে গেছে। একে আইনি ভাষায় ‘Presumption of Service’ বলা হয়।
-
দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ (ধারা ১৪৩, Order 5-Rule 19A): আদালতে মামলার বিবাদীকে সমন বা নোটিশ জারির ক্ষেত্রে রেজিস্টার্ড ডাকের সাথে ‘এডি’ বা প্রাপ্তিস্বীকার কার্ড ব্যবহার করার স্পষ্ট নিয়ম রয়েছে।
-
সাক্ষ্য আইন, ১৮৭২ (ধারা ১১৪): এই আইনের আওতাধীন আদালতের একটি সাধারণ অনুমান থাকে যে, সরকারি ডাকবিভাগ তার স্বাভাবিক নিয়মেই চিঠিটি সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিয়েছে।
-
নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ (চেক ডিজঅনার মামলা): চেক ডিজঅনার মামলার প্রথম ও প্রধান টেকনিক্যাল শর্ত হলো আসামিকে নোটিশ প্রাপ্তির জন্য ৩০ দিন সময় দেওয়া। এই নোটিশটি যে আইনসম্মতভাবে পাঠানো ও জারি হয়েছে, তার একমাত্র অকাট্য প্রমাণ হলো এই রেজিস্টার্ড উইথ এডি, প্রাপ্তিস্বীকার পত্র।
এই ডকুমেন্ট না থাকলে আদালতে কী ভয়াবহ পরিণতি হতে পারে? (ব্যাংকারদের জন্য সতর্কতা) আদালতে যেকোনো ব্যাংকিং মামলার ভিত্তি দাঁড়িয়ে থাকে নিখুঁত প্রমাণের ওপর। যদি আপনার লোন রিকভারি ফাইলের ভেতর ‘রেজিস্টার্ড উইথ এডি’র মূল স্লিপ বা গ্রাহকের স্বাক্ষর করা এডি কার্ডটি না থাকে, তবে ব্যাংক কী পরিমাণ আইনি জটিলতায় পড়বে তা নিচে দেওয়া হলো:
-
মামলা শুরুতেই খারিজ (Dismissal on Technical Ground): বিশেষ করে চেক ডিজঅনারের মামলায় যদি ব্যাংকের আইনজীবী প্রমাণ করতে না পারেন যে বিবাদী নোটিশটি পেয়েছিল বা নোটিশটি পাঠানো হয়েছিল, তবে বিজ্ঞ আদালত কোনো মেরিটে না গিয়ে শুরুতেই ব্যাংকের মামলাটি খারিজ করে দিতে পারেন।
-
বিবাদীর “অস্বীকৃতির” একচেটিয়া সুবিধা: আদালতে বিবাদীর লয়ার খুব সহজেই বুক ফুলিয়ে দাবি করবেন, “আমার মক্কেল তো ব্যাংক থেকে কোনো নোটিশ বা চিঠি পান-ই নি, জালিয়াতির ঘটনা সম্পূর্ণ বানোয়াট।” আপনার কাছে এডি কার্ড বা পোস্টাল স্লিপ না থাকলে আপনি বিজ্ঞ বিচারককে কোনোভাবেই বিশ্বাস করাতে পারবেন না যে চিঠিটি সত্যিই পাঠানো হয়েছিল। কোটি টাকার খেলাপি ঋণ তখন স্রেফ পাতলা একটা কাগজের ভিড়ে হারিয়ে যাবে।
-
মামলার সময় ও ব্যাংকের অর্থের অপচয়: প্রাপ্তিস্বীকারের সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে আদালত পুনরায় নতুন করে সমন বা নোটিশ জারির আদেশ দেবেন। ফলশ্রুতিতে বছরের পর বছর মামলা ঝুলে থাকবে, ব্যাংকের প্রভিশন বাড়বে এবং কস্ট অব ফান্ড বৃদ্ধি পাবে।
-
বার্ডেন অব প্রুফ বা প্রমাণের দায় ব্যাংকের ওপর: আইন অনুযায়ী, ব্যাংক যেহেতু দাবি করছে তারা নোটিশ পাঠিয়েছে, তাই তা প্রমাণের সম্পূর্ণ দায়িত্ব (Burden of Proof) ব্যাংকের। এডি কার্ড হারিয়ে ফেললে পোস্ট অফিসের কর্মকর্তাদের আদালতে এনে সাক্ষ্য দেওয়ানোর মতো কঠিন ও অসম্ভব ঝক্কি পোহাতে হবে, যা প্র্যাক্টিক্যালি ব্যাংকের পক্ষে অসম্ভব।
চিঠি ফেরত আসলেও ভয় নেই: অনেক চালাক গ্রাহক আছেন যারা ব্যাংকের চিঠি দেখলেই তা ‘প্রত্যাখ্যান’ (Refused) করেন বা ডাকপিয়নকে ম্যানেজ করে খামের ওপর ‘খুঁজে পাওয়া গেল না’ কিংবা ‘গ্রহণে অস্বীকৃতি’ লিখিয়ে ফেরত পাঠান। ব্যাংকারদের ভয়ের কিছু নেই!
আইনি দৃষ্টিকোণ থেকে, আপনি যদি সঠিক ঠিকানায় রেজিস্টার্ড উইথ এডি করে চিঠি পাঠান এবং সেটি যদি ‘Refused’ বা ‘Unclaimed’ হয়ে ফেরতও আসে, তবুও আদালত ধরে নেবে নোটিশটি আইনগতভাবে জারি হয়েছে। কারণ, প্রাপক নিজে ইচ্ছাকৃতভাবে তা গ্রহণ করেননি। কিন্তু এর জন্য ওই ফেরত আসা খামটি অক্ষত অবস্থায় আদালতে জমা দিতে হবে।
পোস্টাল স্লিপ বা এডি কার্ডের অনুপস্থিতির কয়েকটি কেস ল- বাংলাদেশ এবং উপমহাদেশের বিচারিক ইতিহাসে (Judiciary) লিগ্যাল নোটিশ বা সমন জারির ক্ষেত্রে ‘রেজিস্টার্ড উইথ এডি’ (Registered Post with A/D) সংক্রান্ত আইনি ত্রুটি, পোস্টাল স্লিপ বা এডি কার্ডের অনুপস্থিতির কারণে অনেক বড় বড় আর্থিক মামলা উচ্চ আদালত কর্তৃক খারিজ (Dismiss) হয়ে যাওয়ার বহু নজির রয়েছে। বিশেষ করে চেক ডিজঅনার মামলা (NI Act) এবং অর্থঋণ আদালতের মামলায় এই নোটিশ প্রাপ্তির বিষয়টি একটি “Strict Statutory Requirement” বা বাধ্যতামূলক আইনি শর্ত। নিচে ব্যাংকার এবং আইনজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উচ্চ আদালতের সুনির্দিষ্ট নজির বা কেস রেফারেন্স (Case Laws) দেওয়া হলো:
১. লিগ্যাল নোটিশ প্রাপ্তির অকাট্য প্রমাণ না থাকায় মামলা খারিজ – রেফারেন্স: Shahidul Islam Vs. The State and another, 68 DLR (2016) 417 প্রেক্ষাপট ও রায়: এই মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগ স্পষ্ট উল্লেখ করেন যে, চেক ডিজঅনার মামলার ক্ষেত্রে নোটিশটি আসামির নিকট সঠিকভাবে পৌঁছাতে হবে বা জারি হতে হবে। যদি নোটিশ সঠিকভাবে জারি না হয় বা নোটিশ জারির পক্ষে অকাট্য প্রমাণ (যেমন: এডি কার্ড বা পোস্টাল রসিদ) আদালতে উপস্থাপনে বাদী ব্যর্থ হয়, তবে মামলার আইনগত ভিত্তি থাকে না। এই টেকনিক্যাল গ্রাউন্ডেই মামলাটি বাতিল (Quash) করা হয়েছিল।
২. সঠিক ঠিকানায় নোটিশ না পাঠানো এবং এডি কার্ডের গরমিল – রেফারেন্স: M.A. Mutaleb Vs. The State, 17 BLC (2012) 80 প্রেক্ষাপট ও রায়: এই মামলায় আসামি দাবি করেছিলেন যে তিনি ব্যাংকের বা বাদীর কোনো নোটিশ পাননি। বাদী দাবি করেছিলেন তারা রেজিস্টার্ড পোস্টে চিঠি পাঠিয়েছেন। কিন্তু নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, রেজিস্টার্ড পোস্টের রসিদ এবং এডি কার্ডের ঠিকানার সাথে আসামির প্রকৃত ঠিকানার অমিল ছিল। হাইকোর্ট বিভাগ রায় দেন যে, নোটিশ প্রাপ্তির বিষয়টি যেহেতু সন্দেহাতীতভাবে প্রমাণিত নয়, তাই NI Act-এর ১৩৮ ধারার অধীনে অপরাধ গঠিত হয়নি এবং মামলাটি টেকনিক্যাল গ্রাউন্ডে টেকেনি।
৩. পোস্টাল রসিদ বা এডি কার্ড ছাড়া কেবল মুখের কথায় নোটিশ প্রমাণ হয় না – রেফারেন্স: A.K.M. Shafiullah Vs. State, 11 BLT (HCD) 2003 প্রেক্ষাপট ও রায়: এই মামলায় আদালত অত্যন্ত কঠোরভাবে নির্দেশ দেন যে, বাদী মুখে দাবি করলেই হবে না যে তিনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশ পাঠানোর সপক্ষে পোস্টাল রসিদ (Postal Receipt) এবং প্রাপ্তির সপক্ষে ‘এডি কার্ড’ (Acknowledgement Due Card) অথবা ডাকঘরের সুনির্দিষ্ট সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। বাদী তা দেখাতে ব্যর্থ হওয়ায় মামলাটি খারিজ হয়ে যায়।
৪. ভারতীয় সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক সিদ্ধান্ত (যা বাংলাদেশেও সমাদৃত) – রেফারেন্স: Shakti Travel & Tours Vs. State of Bihar, (2002) 9 SCC 415 প্রেক্ষাপট ও রায়: চেক ডিজঅনার মামলার নোটিশ সংক্রান্ত এই ঐতিহাসিক মামলায় ভারতের সুপ্রিম কোর্ট রায় দেন যে, বাদীকে আদালতে সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে হবে যে নোটিশটি আসামির ওপর জারি (Serve) করা হয়েছে। যদি রেজিস্টার্ড ডাকের এডি কার্ড বা প্রাপ্তিস্বীকার পত্র না থাকে এবং নোটিশ জারির বিকল্প কোনো প্রমাণ বাদী দিতে না পারে, তবে মামলাটি বিচারের জন্য গ্রহণ করাই যাবে না। এই নজিরের ওপর ভিত্তি করে প্রতি বছর শত শত মামলা খারিজ হয়ে যায়।
এডি কার্ড-এর ঠিকানার সামান্যতম গরমিল: মামলা দাবি বাতিল! আপনি ভাবছেন নোটিশ তো পিয়নকে দিয়ে পাঠিয়েই দিয়েছেন, মামলা তো জিতবেনই? ভুল ভাবছেন। ৬৮ ডিএলআর (২০১৬)-এর ‘শহীদুল ইসলাম বনাম রাষ্ট্র’ মামলা কিংবা ১৭ বিএলসি-র ‘এম এ মোতালেব’ মামলাটি দেখা যেতে পারে। উচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছেন, আপনি নোটিশ পাঠিয়েছেন কি পাঠাননি—তা মুখের কথায় প্রমাণ হবে না।
রেজিস্টার্ড পোস্টের এডি কার্ড বা পোস্টাল স্লিপে যদি ঠিকানার সামান্যতম গরমিল থাকে কিংবা ব্যাংকের গাফিলতিতে যদি এই কাগজটি হারিয়ে যায়, তবে বিজ্ঞ আদালত মামলার মেরিট (আসল ঘটনা) বিবেচনা না করেই “টেকনিক্যাল গ্রাউন্ডে” পুরো মামলাটি এক ঝটকায় খারিজ করে দেবেন। শত কোটি টাকার খেলাপি ঋণ তখন ব্যাংকের খাতায় কেবলই ‘রাইট অফ’ বা অবলোপন করা ক্ষতি হিসেবে জমা হবে।
ব্যাংকারদের প্রতি কয়েকটি জরুরি পরামর্শ: আইনি লড়াইয়ে একটি ছোট্ট অবহেলা কোটি টাকার রিকভারি ভেস্তে দিতে পারে। তাই ব্যাংকের লোন রিকভারি, ইনভেস্টমেন্ট ও লিগ্যাল ডিপার্টমেন্টের কর্মকর্তাদের প্রতি পরামর্শ: ১) যেকোনো গুরুত্বপূর্ণ আইনি নোটিশ বা চিঠি পাঠানোর সময় সাধারণ পোস্ট না করে সবসময় ‘Registered Post with A/D’ করুন।
২) পোস্ট অফিস থেকে দেওয়া রসিদ (Postal Receipt) এবং ফেরত আসা এডি (AD) কার্ড বা ফেরত আসা খামটি অত্যন্ত যত্নসহকারে মূল লোন ফাইলের লকার বা লিগ্যাল ফাইলে সংরক্ষণ করুন। ৩) ডিজিটাল ট্র্যাকিং জমানায় পোস্ট অফিসের অনলাইন ট্র্যাকিং রিপোর্টটির একটি প্রিন্ট কপিও ফাইলে গেঁথে রাখুন। ৪) মনে রাখবেন, আদালতে ব্যাংকের কোটি টাকার দাবির চেয়ে ডাকবিভাগের ওই ৫ টাকার ‘এডি কার্ড’ মামলার শুরুতে বিচার প্রক্রিয়ার জন্য অত্যন্ত জরুরি!
- কাজী মাহমুদুর রহমান, চিফ লিগ্যাল অফিসার, ইউনিয়ন ব্যাংক

