Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ক্যাশলেস সোসাইটি: কতটা প্রস্তুত আমাদের ব্যাংকিং খাত?
    সম্পাদকীয়

    ক্যাশলেস সোসাইটি: কতটা প্রস্তুত আমাদের ব্যাংকিং খাত?

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একসময় ব্যাংকিংয়ের সঙ্গে মানুষের সম্পর্ক মানেই ছিল শাখায় যাওয়া, ফরম পূরণ করা, লাইনে দাঁড়ানো এবং হাতে নগদ টাকা নিয়ে বেরিয়ে আসা। প্রযুক্তির বিস্তারের সঙ্গে সেই চিত্র দ্রুত বদলেছে। এখন মুঠোফোনের পর্দায় কয়েকটি স্পর্শেই অর্থ পাঠানো যায়, দোকানের কাউন্টারে কিউআর কোড স্ক্যান করে মূল্য পরিশোধ করা যায়, বেতন সরাসরি হিসাবে জমা হয়, আবার প্রবাসী আয়ও ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঘরে পৌঁছে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনও দেখাচ্ছে, দেশের পেমেন্ট ব্যবস্থায় ডিজিটাল মাধ্যমের ব্যবহার ক্রমেই বাড়ছে।

    তবু এই পরিবর্তনকে সরাসরি ‘নগদহীন বাংলাদেশ’ বলা যাবে না। কারণ ২০২৫ সালের মোট লেনদেনমূল্যের ৬৭.২ শতাংশ এখনো নগদের মাধ্যমে সম্পন্ন হয়েছে; ডিজিটাল মাধ্যমের অংশ ৩২.৮ শতাংশ। যদিও ২০২৪ সালের (৭২ শতাংশ নগদ) তুলনায় এটি কিছুটা ইতিবাচক অগ্রগতি, তবুও দৈনন্দিন অর্থনীতিতে এখনও নগদের আধিপত্যই স্পষ্ট।।

    বাংলাদেশ ব্যাংক অবশ্য দীর্ঘমেয়াদি রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে। ২০২৭ সালের মধ্যে অন্তত ৭৫ শতাংশ খুচরা লেনদেন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। একই সঙ্গে ২০৩১ সালের মধ্যে সম্পূর্ণ নগদহীন অর্থনীতির দিকে যাওয়ার জাতীয় লক্ষ্যও ঘোষণা করা হয়েছে।

    ফলে প্রশ্নটি এখন প্রযুক্তি আছে কি না, তা নয়। আসল প্রশ্ন—দেশের ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো, নিয়ন্ত্রণব্যবস্থা এবং সাধারণ মানুষের অভ্যাস কি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট প্রস্তুত? ডিজিটাল লেনদেন বাড়ছে, কিন্তু নগদ এখনো শক্তিশালী।

    বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ গত কয়েক বছরে উল্লেখযোগ্য গতি পেয়েছে। বাংলাদেশে ডিজিটাল লেনদেনের পরিধি দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডিজিটাল লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৪৬.৩ কোটি, যা ২০২৪ সালের ৪৮২.৭ কোটির তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। একই সময়ে ডিজিটাল লেনদেনের মোট মূল্যও ১৩ শতাংশ বেড়ে ১০২.২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে।

    অন্যদিকে, নগদ ও অন্যান্য সনাতন পদ্ধতির লেনদেনের চিত্রে দেখা যাচ্ছে ভিন্ন প্রবণতা। ২০২৫ সালে অ-ডিজিটাল লেনদেনের সংখ্যা প্রায় ৫৩৯.৫ কোটি হলেও এর মোট আর্থিক মূল্য ৭ শতাংশ কমে ২০৯.৪৮ লাখ কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ লেনদেনের সংখ্যা বাড়লেও এসব লেনদেনের গড় মূল্য কমছে। এর বিপরীতে ডিজিটাল মাধ্যমে তুলনামূলক বড় অঙ্কের অর্থপ্রবাহ বাড়ছে। ফলে লেনদেনের ধরনেও ধীরে ধীরে একটি কাঠামোগত পরিবর্তন দেখা যাচ্ছে।

    এই পরিবর্তন শুধু পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়; মানুষের দৈনন্দিন আর্থিক আচরণেও এর প্রভাব স্পষ্ট। ছোটখাটো কেনাকাটা থেকে শুরু করে ইউটিলিটি বিল পরিশোধ, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, অনলাইন কেনাকাটা এবং বিভিন্ন সেবার মূল্য পরিশোধে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়ছে। একই সঙ্গে বড় ও আনুষ্ঠানিক অর্থপ্রবাহও ক্রমশ ইলেকট্রনিক ব্যবস্থার দিকে সরে যাচ্ছে।

    এখানে একটি গুরুত্বপূর্ণ প্রবণতা লক্ষণীয়—নগদ লেনদেন এখনো ব্যাপক হলেও তার বড় অংশ দৈনন্দিন ও তুলনামূলক ছোট অঙ্কের লেনদেনে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে, তুলনামূলক বড় ও আনুষ্ঠানিক আর্থিক লেনদেন ক্রমেই ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে। তাই বাংলাদেশের অর্থনীতিকে এখন আর শুধু ‘নগদ বনাম ডিজিটাল’—এই সরল দ্বন্দ্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। বরং অর্থনীতি ধীরে ধীরে এমন একটি ব্যবস্থার দিকে এগোচ্ছে, যেখানে নগদের ব্যবহার পুরোপুরি বিলীন না হলেও তার ওপর নির্ভরতা কমবে এবং ডিজিটাল লেনদেন হয়ে উঠবে অর্থনৈতিক কর্মকাণ্ডের আরও গুরুত্বপূর্ণ মাধ্যম

    বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পেমেন্ট অবকাঠামো—বাংলাদেশ ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ব্যবস্থা, জাতীয় পেমেন্ট সুইচ, রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট এবং অন্যান্য ইলেকট্রনিক প্ল্যাটফর্ম—এই পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে। ২০২৫ সালে জাতীয় পেমেন্ট সুইচের মাধ্যমে এটিএম, পয়েন্ট অব সেলস ও আন্তঃব্যাংক ইন্টারনেটভিত্তিক লেনদেনও উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। অর্থাৎ অবকাঠামো তৈরির প্রথম ধাপ বাংলাদেশ অতিক্রম করেছে। এখন প্রয়োজন সেই অবকাঠামোর সর্বজনীন ব্যবহার নিশ্চিত করা।

    মোবাইল আর্থিক সেবা: বিস্তার আছে, গভীরতা কতটা? বাংলাদেশের ডিজিটাল আর্থিক রূপান্তরের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো মোবাইল আর্থিক সেবা। ২০২৫ সালের শেষে দেশে মোবাইল আর্থিক সেবার হিসাব প্রায় ২৫ কোটিতে এবং এজেন্ট সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছেছিল। প্রান্তিক মানুষের কাছে ব্যাংক শাখার বিকল্প হিসেবে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    কিন্তু হিসাবের সংখ্যা বাড়লেই নগদহীন অর্থনীতি তৈরি হয় না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোবাইল আর্থিক সেবার লেনদেনের ৮৫ শতাংশের বেশি ছিল নগদ জমা, নগদ উত্তোলন ও ব্যক্তি-থেকে-ব্যক্তি অর্থ স্থানান্তর। নগদ উত্তোলনের অংশ ছিল ২৯.২৯ শতাংশ, নগদ জমার অংশ ২৯.২৬ শতাংশ এবং ব্যক্তি-থেকে-ব্যক্তি স্থানান্তরের অংশ ২৭.৬৫ শতাংশ। বিপরীতে ব্যবসায়ীকে অর্থ পরিশোধের অংশ ছিল মাত্র ৪.৫২ শতাংশ।

    এই পরিসংখ্যানই বাংলাদেশের ক্যাশলেস যাত্রার সবচেয়ে বড় বাস্তব চ্যালেঞ্জটি সামনে আনে। মানুষ মোবাইল আর্থিক সেবা ব্যবহার করছেন ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটি নগদকে প্রতিস্থাপন না করে নগদে যাওয়ার একটি মধ্যবর্তী মাধ্যম হিসেবে কাজ করছে। একজন ব্যক্তি ডিজিটাল মাধ্যমে টাকা পেলেন, পরে নগদ তুলে নিলেন; আবার অন্য ব্যক্তি নগদ জমা দিয়ে ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠালেন। অতএব আগামী পর্যায়ের লক্ষ্য হওয়া উচিত শুধু মোবাইল হিসাব বাড়ানো নয়; ডিজিটাল হিসাবের ভেতরেই অর্থের চলাচল বাড়ানো।

    এই পরিবর্তনের ক্ষেত্রে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একাধিক ব্যাংক, মোবাইল আর্থিক সেবা ও পেমেন্ট সেবাকে একটি অভিন্ন কিউআর ব্যবস্থার আওতায় আনার মাধ্যমে একজন ব্যবসায়ীকে আলাদা আলাদা প্রতিষ্ঠানের জন্য একাধিক ব্যবস্থা রাখার প্রয়োজন কমে যায়।

    বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের পেমেন্ট সিস্টেমস রিপোর্ট অনুযায়ী, বছরের শেষে ৪৬টি ব্যাংক, ৭টি মোবাইল আর্থিক সেবা প্রদানকারী এবং ৪টি পেমেন্ট সেবা প্রদানকারী বাংলা কিউআর ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল। প্রায় ৯ লাখ ৬৩ হাজার ব্যবসায়ী এতে যুক্ত হন। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর থেকে বাংলা কিউআর লেনদেনে তাৎক্ষণিক নিষ্পত্তির ব্যবস্থাও চালু করা হয়। এর ফলে ব্যবসায়ী দ্রুত অর্থ পাওয়ার সুযোগ পান।

    তবে কিউআর কোড দোকানের সামনে ঝুলিয়ে দিলেই কাজ শেষ হয় না। একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে জানতে হবে কীভাবে অর্থপ্রাপ্তি যাচাই করবেন, ভুল লেনদেন হলে কী করবেন, প্রতারণার শিকার হলে কোথায় অভিযোগ করবেন এবং ডিজিটাল লেনদেনের হিসাব কীভাবে ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করবেন। তাই বাংলা কিউআরের বিস্তারের সঙ্গে আর্থিক শিক্ষা ও ব্যবসায়ীদের প্রশিক্ষণও জরুরি।

    ক্যাশলেস অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হলো আন্তঃপরিচালনযোগ্যতা। একজন গ্রাহক যেন একটি ব্যাংক বা একটি মোবাইল আর্থিক সেবা ব্যবহার করার কারণে অন্য প্রতিষ্ঠানের গ্রাহকের কাছে অর্থ পাঠাতে বাধাগ্রস্ত না হন।

    বাংলাদেশ ইতোমধ্যে এ ক্ষেত্রে অগ্রসর হয়েছে। ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রদানকারী ও পেমেন্ট সেবা প্রদানকারীদের মধ্যে আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল লেনদেনের ব্যবস্থা চালু হয়েছে। জাতীয় পেমেন্ট সুইচ এবং অন্যান্য পেমেন্ট অবকাঠামোর বিস্তারের পাশাপাশি এই সমন্বয় একটি একীভূত ডিজিটাল অর্থনৈতিক পরিবেশ তৈরির ভিত্তি তৈরি করছে।

    তবে প্রযুক্তিগত সংযোগের পাশাপাশি চার্জ, লেনদেনের সীমা, অর্থ ফেরতের নিয়ম এবং অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও একই ধরনের স্বচ্ছতা প্রয়োজন। একটি আন্তঃসংযুক্ত ব্যবস্থা তখনই কার্যকর হবে, যখন গ্রাহক জানবেন—সমস্যা হলে দায়িত্ব কার এবং সমাধান পাওয়ার প্রক্রিয়া কী।

    বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের মার্চে ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রদানকারী ও পেমেন্ট সেবা প্রদানকারীদের ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ দেয়। কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী তালিকায় এ উদ্যোগের নাম পরিবর্তন করে ‘বাংলা কিউআর বাস্তবায়ন ইউনিট’ করা হয়েছে। এসব উদ্যোগ থেকে বোঝা যায়, নগদনির্ভরতা কমানোকে এখন শুধু প্রযুক্তিগত প্রকল্প হিসেবে নয়, প্রাতিষ্ঠানিক কর্মসূচি হিসেবেও দেখা হচ্ছে।

    এ ধরনের ইউনিটের মাধ্যমে বিভিন্ন খাতের সরবরাহ-শৃঙ্খল ও লেনদেনকে ডিজিটাল ব্যবস্থায় আনার পরিকল্পনা করা হলে পরিবর্তনটি শুধু ভোক্তা পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না; ব্যবসা থেকে ব্যবসা, ব্যবসা থেকে কর্মী এবং সরকারি অর্থপ্রবাহেও এর প্রভাব পড়তে পারে।

    এখানে ব্যাংকগুলোর সাফল্যের মাপকাঠিও বদলানো দরকার। শুধু কতটি হিসাব খোলা হয়েছে বা কতটি কার্ড দেওয়া হয়েছে—এগুলো দিয়ে ডিজিটাল প্রস্তুতি বিচার করা যথেষ্ট নয়। কতজন গ্রাহক সক্রিয়ভাবে ডিজিটাল লেনদেন করছেন, কতজন ক্ষুদ্র ব্যবসায়ী নিয়মিত ডিজিটাল অর্থ গ্রহণ করছেন, লেনদেন ব্যর্থ হলে কত দ্রুত সমাধান হচ্ছে এবং প্রতারণার পর কত দ্রুত অর্থ উদ্ধারের ব্যবস্থা হচ্ছে—এসবও গুরুত্বপূর্ণ সূচক হওয়া উচিত।

    ক্যাশলেস অর্থনীতির সঙ্গে শাখাবিহীন ব্যাংকিং ব্যবস্থার বিকাশও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের জন্য পৃথক কাঠামো তৈরি করেছে। প্রাথমিক নীতিমালায় ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা নির্ধারিত হয়েছিল; পরবর্তী সংশোধিত নির্দেশিকায় তা ৩০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। অর্থাৎ ডিজিটাল ব্যাংকিংকে হালকা নিয়ন্ত্রণের খাত হিসেবে নয়, বরং পূর্ণাঙ্গ ব্যাংকিং ঝুঁকি ও নিরাপত্তার আওতাধীন ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    ডিজিটাল ব্যাংকের সম্ভাবনা বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক গ্রাহক এবং দ্রুত ছোট ঋণপ্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে শাখা না থাকায় এর নিরাপত্তা, তথ্য সুরক্ষা, পরিচয় যাচাই, প্রতারণা প্রতিরোধ ও গ্রাহকসেবা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।

    নগদনির্ভরতার পেছনে শুধু অভ্যাস নয়, অর্থনৈতিক বাস্তবতাও আছে। বাংলাদেশে নগদ ব্যবহারের অন্যতম কারণ অনানুষ্ঠানিক অর্থনীতি। ক্ষুদ্র ব্যবসা, হাটবাজার, পরিবহন, ব্যক্তিগত সেবা ও ছোটখাটো লেনদেনের একটি বড় অংশ এখনো আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে। অনেক ব্যবসায়ী ডিজিটাল লেনদেন করলে আয়-ব্যয়ের পূর্ণ হিসাব দৃশ্যমান হয়ে যাবে—এমন আশঙ্কায় নগদকে বেশি সুবিধাজনক মনে করেন। সাম্প্রতিক বিশ্লেষণগুলোও অনানুষ্ঠানিক অর্থনীতি ও আস্থার ঘাটতিকে নগদনির্ভরতার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছে।

    এ কারণে শুধু প্রযুক্তি দিয়ে ক্যাশলেস অর্থনীতি সম্ভব নয়। করব্যবস্থা সহজ ও ব্যবসাবান্ধব করা, ক্ষুদ্র উদ্যোক্তাকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় আনার সুবিধা বাড়ানো এবং ডিজিটাল লেনদেনকে ব্যবসায়ীর জন্য বাস্তব আর্থিক সুবিধায় পরিণত করা জরুরি।

    ডিজিটাল লেনদেনের সঙ্গে অতিরিক্ত প্রশাসনিক জটিলতা বা অযৌক্তিক খরচ যুক্ত হলে ব্যবসায়ী আবার নগদে ফিরে যেতে পারেন। বিপরীতে সহজ হিসাবরক্ষণ, ঋণপ্রাপ্তির সুযোগ, ব্যবসার লেনদেনের ইতিহাস ব্যবহার করে অর্থায়ন এবং কম লেনদেন ব্যয় ডিজিটাল ব্যবস্থাকে আকর্ষণীয় করে তুলতে পারে।

    শহর-গ্রামের ডিজিটাল বিভাজন। ক্যাশলেস অর্থনীতির আরেকটি বড় প্রশ্ন হলো—এই রূপান্তর কি সবার জন্য সমানভাবে সহজ হবে? শহরাঞ্চলে স্মার্টফোন, উচ্চগতির ইন্টারনেট, ব্যাংক শাখা, এটিএম, পয়েন্ট অব সেলস ও অনলাইন ব্যবসার সুযোগ তুলনামূলক বেশি। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এখনো নেটওয়ার্ক, বিদ্যুৎ, যন্ত্রপাতি এবং ডিজিটাল দক্ষতার সীমাবদ্ধতা রয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের তথ্যেও শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যবধান স্পষ্ট। চলতি হিসাবের লেনদেনমূল্যের ৮৩.০১ শতাংশ শহরাঞ্চল থেকে এসেছে; গ্রামাঞ্চলের অংশ ১৬.৯৯ শতাংশ। ক্রেডিট কার্ডের লেনদেনসংখ্যার ক্ষেত্রেও শহরাঞ্চলের অংশ ছিল ৯৯.৪১ শতাংশ।

    তবে গ্রামীণ এলাকায় এজেন্ট ব্যাংকিংয়ের বিস্তার একটি সম্ভাবনার জায়গা। অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে শাখা না বাড়িয়েও স্থানীয় এজেন্ট, মোবাইল আর্থিক সেবা ও কিউআরভিত্তিক পেমেন্টের মাধ্যমে ডিজিটাল আর্থিক ব্যবস্থা সম্প্রসারণ করা সম্ভব।

    এখানে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ২০২৫ সালের ডিসেম্বরে মন্তব্য করেছিলেন, তৃণমূল পর্যায়ে ক্যাশলেস ব্যবস্থা কার্যকর করতে ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে স্মার্টফোন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা প্রয়োজন। একই সময়ে কক্সবাজারকে দেশের প্রথম নগদহীন জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও জানানো হয়।
    ২০২৭ সালের মধ্যে দেশের অন্তত ৭৫ শতাংশ খুচরা লেনদেন ডিজিটাল প্রযুক্তির আওতায় নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

    ডিজিটাল অর্থনীতির সবচেয়ে বড় সম্পদ যেমন গতি, তেমনি সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে গতি। ভুল নম্বরে অর্থ চলে গেলে, প্রতারণামূলক লিংকে ক্লিক করলে বা প্রতারক পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নিলে কয়েক সেকেন্ডের মধ্যেই ক্ষতি হতে পারে।

    সাম্প্রতিক আলোচনায় ভুল নম্বরে পাঠানো অর্থ ফেরত পাওয়ার জটিলতা, প্রতারণা এবং গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির দীর্ঘসূত্রতাকে ডিজিটাল ব্যবস্থার প্রতি আস্থার বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতএব ক্যাশলেস অর্থনীতিতে শুধু তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নয়, গ্রাহক সুরক্ষা অবকাঠামোও সমান গুরুত্বপূর্ণ। সন্দেহজনক লেনদেন দ্রুত শনাক্ত করা, প্রয়োজনে হিসাব সাময়িক স্থগিত করা, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তথ্য বিনিময় এবং দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা থাকতে হবে।

    একই সঙ্গে ব্যাংকগুলোর মূল ব্যাংকিং ব্যবস্থা, তথ্যভান্ডার ও তথ্যকেন্দ্রের নিরাপত্তা শক্তিশালী করা প্রয়োজন। ফিশিং, ক্ষতিকর সফটওয়্যার, পরিচয় চুরি এবং সামাজিক কৌশলভিত্তিক প্রতারণার বিরুদ্ধে প্রযুক্তিগত প্রতিরোধের পাশাপাশি গ্রাহক সচেতনতা বাড়াতে হবে। ভবিষ্যতে নিয়ন্ত্রক প্রযুক্তি ও তদারকি প্রযুক্তির ব্যবহারও গুরুত্বপূর্ণ হতে পারে। এর মাধ্যমে অস্বাভাবিক লেনদেন, সম্ভাব্য অর্থ পাচার এবং সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত করার সক্ষমতা বাড়ানো সম্ভব।

    নগদ পুরোপুরি বাদ দেওয়া নয়, নগদের প্রয়োজন কমানো। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় অল্প সময়ের মধ্যে নগদ পুরোপুরি বিলুপ্ত করা বাস্তবসম্মত নয়। নগদ এখনো ক্ষুদ্র কেনাকাটা, অনানুষ্ঠানিক ব্যবসা এবং এমন অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে ডিজিটাল ব্যবস্থা এখনো পর্যাপ্ত সহজলভ্য নয়। তাই নীতিগত লক্ষ্য হওয়া উচিত ‘নগদ নিষিদ্ধ করা’ নয়; বরং এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ সুবিধা, নিরাপত্তা ও কম খরচের কারণে স্বাভাবিকভাবেই ডিজিটাল মাধ্যম বেছে নেন।

    এই জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনা, কম লেনদেন ব্যয়, সহজ হিসাবরক্ষণ, ডিজিটাল লেনদেনের ভিত্তিতে ক্ষুদ্র ঋণ এবং ব্যবসায়িক সুবিধা দেওয়া যেতে পারে। একই সঙ্গে গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্টে বাস্তব সুবিধা তৈরি করতে হবে।

    প্রয়োজন সমন্বিত রোডম্যাপ। ক্যাশলেস বাংলাদেশ গড়তে প্রথমত ব্যাংক, মোবাইল আর্থিক সেবা, পেমেন্ট সেবা ও কিউআর ব্যবস্থার মধ্যে পূর্ণ আন্তঃপরিচালনযোগ্যতা নিশ্চিত করতে হবে।

    দ্বিতীয়ত, ক্ষুদ্র ব্যবসায়ীকে এই পরিবর্তনের কেন্দ্রে আনতে হবে। শুধু বড় দোকান বা বিপণিবিতান নয়—মুদি দোকান, কাঁচাবাজার, পরিবহন, রেস্তোরাঁ, ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় সেবাদাতাদের ডিজিটাল পেমেন্ট গ্রহণের আওতায় আনতে হবে।

    তৃতীয়ত, প্রতারণার শিকার গ্রাহকের জন্য দ্রুত ও একীভূত অভিযোগ ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। ভুল লেনদেন বা জালিয়াতির ক্ষেত্রে ‘কার কাছে যাবেন’—এই প্রশ্নের উত্তর গ্রাহকের কাছে অস্পষ্ট থাকা চলবে না।

    চতুর্থত, ডিজিটাল আর্থিক শিক্ষাকে জাতীয় কর্মসূচিতে পরিণত করতে হবে। শুধু অ্যাপ চালানো নয়—পিন, গোপন সংকেত, যাচাইকরণ কোড, সন্দেহজনক লিংক, ভুয়া ফোন এবং কিউআর প্রতারণা সম্পর্কে সাধারণ মানুষকে ব্যবহারিক শিক্ষা দিতে হবে।

    পঞ্চমত, মডেল জেলা হিসেবে কক্সবাজারের উদ্যোগকে বাস্তব ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা যেতে পারে। সফল হলে একই মডেল পর্যায়ক্রমে অন্যান্য জেলা ও নগর এলাকায় প্রয়োগ করা সম্ভব।

    বাংলাদেশ ক্যাশলেস অর্থনীতির পথে অনেক দূর এগিয়েছে, কিন্তু গন্তব্যে পৌঁছায়নি। ডিজিটাল পেমেন্ট অবকাঠামো, মোবাইল আর্থিক সেবা, জাতীয় পেমেন্ট সুইচ, বাংলা কিউআর, জাতীয় কার্ড ব্যবস্থা এবং আন্তঃপরিচালনযোগ্য লেনদেন—সব মিলিয়ে একটি আধুনিক আর্থিক অবকাঠামোর ভিত্তি তৈরি হয়েছে। ২০২৫ সালে ডিজিটাল লেনদেনের সংখ্যা ও মূল্য উভয়ই ১৩ শতাংশ বাড়ার ঘটনাও সেই অগ্রগতির প্রমাণ। কিন্তু অন্যদিকে মোট লেনদেনমূল্যের ৬৭.২ শতাংশ এখনো নগদে হওয়া দেখিয়ে দেয় যে প্রযুক্তির বিস্তার আর মানুষের আচরণগত পরিবর্তন এক বিষয় নয়।

    ২০২৭ সালের মধ্যে ৭৫ শতাংশ খুচরা লেনদেন ডিজিটাল করার লক্ষ্য এবং ২০৩১ সালের নগদহীন অর্থনীতির দীর্ঘমেয়াদি লক্ষ্য তাই কেবল ব্যাংকগুলোর প্রযুক্তিগত সক্ষমতার পরীক্ষা নয়; এটি রাষ্ট্র, নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক, ব্যবসায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত সক্ষমতার পরীক্ষা।

    শেষ পর্যন্ত ক্যাশলেস সমাজ মানে শুধু পকেটে টাকা না থাকা নয়। এর অর্থ হলো—একজন ক্ষুদ্র ব্যবসায়ী সহজে ডিজিটাল অর্থ গ্রহণ করতে পারবেন, একজন গ্রাহক নিরাপদে মূল্য পরিশোধ করতে পারবেন, গ্রামীণ মানুষ শহরের মানুষের মতোই আর্থিক সেবা পাবেন, ভুল হলে দ্রুত প্রতিকার পাবেন এবং ডিজিটাল ব্যবস্থার ওপর আস্থা রাখতে পারবেন। বাংলাদেশের সামনে তাই লক্ষ্য হওয়া উচিত শুধু ‘নগদহীন’ হওয়া নয়; বরং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, আন্তঃপরিচালনযোগ্য ও আস্থাভিত্তিক নগদ-স্বল্প অর্থনীতি গড়ে তোলা।

    প্রযুক্তির ভিত্তি অনেকটাই তৈরি হয়েছে। এখন প্রয়োজন সেই প্রযুক্তিকে মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক আর্থিক অভ্যাসে পরিণত করা। ২০২৭ ও ২০৩১ সালের লক্ষ্য বাস্তবায়নের প্রকৃত সাফল্য সেখানেই—যেদিন ডিজিটাল লেনদেন শুধু আধুনিকতার প্রতীক থাকবে না, বরং বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অর্থনৈতিক জীবনের সবচেয়ে সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠবে

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    জ্বালানি সংকটে টানা পাঁচ মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি

    সেপ্টেম্বর 17, 2026
    ব্যাংক

    কার্ডে লেনদেনে বড় উল্লম্ফন, পাঁচ বছরে বেড়েছে ১০৮ শতাংশ

    সেপ্টেম্বর 17, 2026
    ব্যাংক

    সর্বজনীন পেনশনে পাঁচ বছর পর টাকা তোলার সুযোগ

    সেপ্টেম্বর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    জ্বালানি চাহিদা পূরণে চীন ও ইন্দোনেশিয়া থেকে ১২,৫৩৭ কোটি টাকার তেল আমদানির উদ্যোগ

    বাংলাদেশ সেপ্টেম্বর 17, 2026

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.