হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ রোববার। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি। সর্বত্র বইছে আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। পঞ্জিকা অনুযায়ী, আজ দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে। তিথি শেষ হবে আগামীকাল সোমবার সকাল ১১টা ৫৮ মিনিটে। প্রচলিত রীতি অনুযায়ী, কালীপূজা শুরু হয় মধ্যরাতে। একই তিথিতে অনেকে কালীপূজার পাশাপাশি লক্ষ্মীপূজাও করেন।
বাঙালি সংস্কৃতিতে কালীপূজা ও দীপাবলির গুরুত্ব বহুকালের। আলোর এই উৎসবকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা সাধারণত ‘দীপাবলি’ বলেন। অবাঙালি হিন্দুদের মুখে এটি পরিচিত ‘দিওয়ালি’ নামে। অনেকে একে ‘দীপান্বিতা কালীপূজা’ বলেও উল্লেখ করেন। বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এই তিথিতে কালীপূজা উদযাপন করে থাকেন।
অশুভ ও অকল্যাণের প্রতীক অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠার বার্তা নিয়ে শত শত বছর ধরে এই উৎসব পালিত হয়ে আসছে। প্রদীপের আলোয় অন্ধকার ঘুচিয়ে নতুন আশা ও মঙ্গলের আহ্বান জানানোই এর মূল চেতনা।
এই দিন সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের বাড়িতে এবং শ্মশানে প্রদীপ প্রজ্বালন করেন। এর মধ্য দিয়ে তাঁরা প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন। ফলে উৎসবের আনন্দের পাশাপাশি এতে যুক্ত হয় প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণের আবহ।
রাজধানীর বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং সবুজবাগ থানার শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির। পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার মণ্ডপেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সন্ধ্যা নামতেই মন্দির, মণ্ডপ ও বাড়ির আঙিনায় জ্বলে উঠবে অসংখ্য প্রদীপ ও মোমবাতি। মধ্যরাতে শুরু হবে মা শ্যামার আরাধনা। ভক্তদের প্রার্থনা ও আলোর উৎসবে মুখর থাকবে হিন্দু সম্প্রদায়ের আঙিনা।

