সংকটাপন্ন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন কয়েকজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তাদের দেওয়া আগ্রহপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট-ইওআই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কাছে বিবেচনার জন্য পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির বর্তমান পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
জানা গেছে, বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির ১০৬তম পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের জমা দেওয়া ইওআই নীতিগতভাবে অনুমোদন করা হয়। একই সঙ্গে আদালতের নির্দেশনা ও প্রয়োজনীয় অনুমোদনের জন্য তা হাইকোর্ট বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসইতে পাঠানো ঘোষণায় কোম্পানি জানিয়েছে, কয়েকজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে ইওআই জমা দিয়েছেন। বিদ্যমান আদালতের নির্দেশনা এবং প্রযোজ্য আইন অনুসারে বিষয়টি বিবেচনার জন্য হাইকোর্ট বিভাগের কাছে আবেদন করা হবে।
তবে কোম্পানি স্পষ্ট করেছে, এটি পরিচালনা পর্ষদে উদ্যোক্তাদের তাৎক্ষণিকভাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নয়। বরং আদালতের অনুমোদন ও নির্দেশনা পাওয়ার লক্ষ্যে একটি প্রক্রিয়াগত পদক্ষেপ মাত্র। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হাইকোর্ট বিভাগের আদেশের ওপর নির্ভর করবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা পিপলস লিজিংয়ের কার্যক্রম আদালতের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও পরিচালনা কাঠামো নিয়েও বিভিন্ন সময় আদালতে শুনানি ও নির্দেশনা দেওয়া হয়েছে।

