বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একই সঙ্গে এ উদ্যোগের জন্য কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ব্রোকারেজ হাউজগুলোর সংগঠনটি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, গত ১৩ জুলাই বিএসইসি আয়োজিত সভায় ডিবিএ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা অংশ নেন। ওই সভায় সংশোধিত মার্জিন বিধিমালার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের প্রস্তাব, মতামত ও উদ্বেগ গুরুত্বসহকারে শুনে গঠনমূলক আলোচনা এবং সংস্কার প্রক্রিয়ায় সেগুলো বিবেচনার আশ্বাস দেওয়ায় কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।
ডিবিএর মতে, বিএসইসির এই বাস্তবমুখী ও বাজারবান্ধব উদ্যোগ দেশের পুঁজিবাজারের জন্য ইতিবাচক পদক্ষেপ। সংশোধিত মার্জিন বিধিমালা একটি ভারসাম্যপূর্ণ, আধুনিক ও ভবিষ্যতমুখী নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক হবে, যা দেশের পুঁজিবাজারের সুশৃঙ্খল, স্বচ্ছ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনটি আশা প্রকাশ করেছে, শিগগিরই সংশোধিত মার্জিন বিধিমালার খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়া পর্যালোচনার পর প্রয়োজন হলে ডিবিএ তাদের বিস্তারিত মতামত ও সুপারিশ বিএসইসির কাছে উপস্থাপন করবে।
ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, ডিবিএ সেই উদ্যোগকে সর্বাত্মক সমর্থন করে। ভবিষ্যতেও পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রমে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সংগঠনটি প্রস্তুত থাকবে।

