সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও আগের কার্যদিবসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে পৌঁছেছে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে।
দিনভর ডিএসইতে মোট ১ হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৯৬৬ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৬৩ কোটি টাকা।
এদিন ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ৫৮টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি এবং লেনদেনের পরিমাণ বাড়া বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার ইতিবাচক ইঙ্গিত বহন করছে।

