দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য সমাপ্ত সপ্তাহে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এ সময়ে মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি কমেছে লেনদেনও। অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম কমায় এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৯ হাজার ৬৩২ কোটি টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ কমে ৫ হাজার ৮০৪ পয়েন্টে নেমে এসেছে। একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২৪ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে, সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৩১৬ কোটি ৩৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২৭ দশমিক ৯০ শতাংশ কম। দৈনিক গড় লেনদেন নেমে এসেছে ১ হাজার ৬৩ কোটি টাকায়।
সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দাম। ফলে ডিএসইর বাজার মূলধন ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৭ লাখ ১ হাজার ২৭১ কোটি টাকায়।
বাজার বিশ্লেষকদের মতে, প্রায় ৬১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। সম্প্রতি প্রস্তাবিত মার্জিন বিধিমালায় যুক্ত হওয়া ‘পিবি রেশিও’ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ বিশেষ করে বিমা খাতের শেয়ারে চাপ সৃষ্টি করেছে।
গত সপ্তাহে বিমা খাতে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির মধ্যে ৫২টির শেয়ারের দাম কমেছে। এর প্রভাব সামগ্রিক বাজার পরিস্থিতিতেও পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

