পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড তাদের টাইলস উৎপাদনের দুটি ইউনিট এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মেশিনারিজের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানির দেওয়া মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, গত ২৩ জুলাই থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত টাইলস উৎপাদনের লাইন-৩ ও লাইন-৪ বন্ধ থাকবে। তবে এ সময়ে কোম্পানির বাকি দুটি উৎপাদন লাইন—লাইন-১ ও লাইন-২ সচল থাকবে।
আরএকে সিরামিকস জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর বন্ধ থাকা ইউনিটগুলোতে পুনরায় উৎপাদন শুরু হলে তা বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের জানানো হবে।
কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৯ পয়সায়।
এদিকে ২০২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল আরএকে সিরামিকস। ওই বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৯৩ পয়সা, যা আগের বছর ছিল ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৫ টাকা ৩০ পয়সা।
২০১০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস মধ্যপ্রাচ্যভিত্তিক রাস আল খাইমা গ্রুপের একটি যৌথ উদ্যোগ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪২৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১টি।
কোম্পানিটির ৭২ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৫০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে।

