তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ কোম্পানি এ শর্ত পূরণ করতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার জারি করা এক নির্দেশনায় সময়সীমা বৃদ্ধির বিষয়টি জানায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসইসির নির্দেশনা অনুযায়ী, সময়সীমা বৃদ্ধি করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮-এর শর্ত ১(২)(ক)-এর আওতায় প্রযোজ্য হবে।
এর আগে, ২০২৫ সালের ২৯ জুলাই জারি করা এক নির্দেশনায় তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পরিচালনা পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানি এবং পুঁজিবাজার-সংশ্লিষ্ট অংশীজন কমিশনকে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য নারী প্রার্থী খুঁজে পাওয়া কঠিন হচ্ছে। পাশাপাশি পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা-সংক্রান্ত বিদ্যমান নিয়ন্ত্রক সীমাবদ্ধতার কারণে অনেক প্রতিষ্ঠানের জন্য এ শর্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএসইসি সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
নির্দেশনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) অবিলম্বে সব তালিকাভুক্ত কোম্পানি ও সংশ্লিষ্ট অংশীজনের কাছে এ সিদ্ধান্ত পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সংশোধিত সময়সীমার মধ্যে প্রতিষ্ঠানগুলো করপোরেট গভর্ন্যান্স কোডের এ শর্ত যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে।

