পুঁজিবাজারের স্টক ব্রোকার ও স্টক ডিলার প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়ন নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুপারিশে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডিএসইর কাছে আবারও ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
একই সঙ্গে মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়নের পক্ষে বা বিপক্ষে সুনির্দিষ্ট নিয়ন্ত্রক সুপারিশ পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দিতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানান।
বিএসইসি জানিয়েছে, মোনার্ক হোল্ডিংসের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত ডিএসইর সুপারিশ পর্যালোচনা করে দেখা গেছে, ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০’-এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ফরম ‘ছ’-এ প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ করা হয়নি।
তারপরও ডিএসই নিবন্ধন নবায়নের পক্ষে ইতিবাচক সুপারিশ পাঠিয়েছে বলে জানিয়েছে বিএসইসি। কমিশনের মতে, এ ধরনের সুপারিশ সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থি এবং ডিএসইর নিয়ন্ত্রক দায়িত্ব পালনে ব্যর্থতার ইঙ্গিত বহন করে।
এর আগে বিএসইসি ডিএসইর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইলে ডিএসই ফরম ‘ছ’ পূরণ করে প্রয়োজনীয় তথ্য পাঠায়। তবে মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুনির্দিষ্ট নিয়ন্ত্রক মতামত বা সুপারিশ দেয়নি। এ অবস্থায় বিএসইসি সিদ্ধান্ত নিয়েছে, ডিএসই কেন বিধিমালা অনুযায়ী সুনির্দিষ্ট সুপারিশ দিতে ব্যর্থ হয়েছে, সে বিষয়ে আবারও ব্যাখ্যা চাওয়া হবে।
এ ছাড়া ব্যাখ্যার চিঠি পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ ও নিয়ন্ত্রক মূল্যায়নসহ মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন সনদ নবায়নের বিষয়ে স্পষ্ট সুপারিশ কমিশনে পাঠাতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে।

