বিশ্বের অন্যতম শীর্ষ ডিজিটাল পেমেন্ট সেবা প্রতিষ্ঠান ভিসা ইনকরপোরেটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত তৃতীয় আর্থিক প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা গেছে, মুনাফা, রাজস্ব এবং বৈশ্বিক লেনদেন—সব ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই প্রান্তিকে প্রচলিত হিসাবমান (জিএএপি) অনুসারে ভিসার নিট মুনাফা হয়েছে ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার। শেয়ারপ্রতি নিট মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ৯৭ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় নিট মুনাফা ৭ শতাংশ এবং শেয়ারপ্রতি আয় ১০ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, বিশেষ খাত ও সংশ্লিষ্ট করের প্রভাব বাদ দিয়ে হিসাব করা নন-জিএএপি ভিত্তিতে ভিসার নিট মুনাফা হয়েছে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলার। এ ক্ষেত্রে শেয়ারপ্রতি নিট মুনাফা দাঁড়িয়েছে ৩ দশমিক ৩২ ডলার। আগের বছরের তুলনায় নন-জিএএপি নিট মুনাফা বেড়েছে ৮ শতাংশ এবং শেয়ারপ্রতি আয় বেড়েছে ১১ শতাংশ। কন্সট্যান্ট-ডলার হিসাবে জিএএপি শেয়ারপ্রতি আয় প্রায় ৯ শতাংশ এবং নন-জিএএপি শেয়ারপ্রতি আয় প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভিসার প্রধান নির্বাহী কর্মকর্তা রায়ান ম্যাকইনার্নি বলেন, ২০২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট রাজস্ব ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে জিএএপি ভিত্তিক শেয়ারপ্রতি আয় ১০ শতাংশ এবং নন-জিএএপি ভিত্তিক শেয়ারপ্রতি আয় ১১ শতাংশ বেড়েছে, যা তাদের জন্য ইতিবাচক ফলাফল।
তিনি আরও বলেন, ভোক্তা ও ব্যবসায়িক ব্যয়ের ধারা এখনো শক্তিশালী ও স্থিতিশীল রয়েছে। পাশাপাশি ভোক্তা পেমেন্ট, বাণিজ্যিক লেনদেন, অর্থ স্থানান্তর সেবা এবং মূল্য সংযোজনমূলক বিভিন্ন সেবায় নেওয়া কৌশল ধারাবাহিকভাবে ভালো ফল দিচ্ছে। নতুন পণ্য উদ্ভাবন, উন্নয়ন এবং দ্রুত বাজারে আনার কার্যক্রমও বিশ্বজুড়ে আরও জোরদার করা হচ্ছে।
আর্থিক প্রতিবেদনে আরও জানানো হয়েছে, তৃতীয় প্রান্তিকে ভিসার নিট রাজস্ব দাঁড়িয়েছে ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। কন্সট্যান্ট-ডলার হিসাবে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশ।
প্রতিষ্ঠানটির মতে, পেমেন্ট ভলিউম, সীমান্তপারের লেনদেন এবং প্রসেসড ট্রানজেকশনের ধারাবাহিক বৃদ্ধিই এই প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। কন্সট্যান্ট-ডলার হিসাবে পেমেন্ট ভলিউম বছরওয়ারি ১০ শতাংশ বেড়েছে। এছাড়া সার্ভিস রাজস্ব নির্ধারণে ব্যবহৃত আগের প্রান্তিকের পেমেন্ট ভলিউমও ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইউরোপের অভ্যন্তরীণ লেনদেন বাদ দিলে কন্সট্যান্ট-ডলার হিসাবে ক্রস-বর্ডার লেনদেনের পরিমাণ আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেড়েছে। আর সামগ্রিকভাবে ক্রস-বর্ডার লেনদেনের ভলিউম বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ। এদিকে, তৃতীয় প্রান্তিকে ভিসার মোট প্রসেসড ট্রানজেকশনের সংখ্যা পৌঁছেছে ৭১ দশমিক ৭ বিলিয়নে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি এবং বৈশ্বিক ডিজিটাল লেনদেনে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সম্প্রসারণের ইঙ্গিত দেয়।

