রাক সিরামিকস বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার এসএকে একরামুজ্জামান তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান মোহাম্মদ ট্রেডিংয়ের মাধ্যমে কোম্পানিটির ৮ লাখ ৮৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাজারদরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করা হবে।
গতকাল রাক সিরামিকসের শেয়ারের সমাপনী দর ছিল ৩১ টাকা ৪০ পয়সা। সে হিসাবে ৮ লাখ ৮৫ হাজার শেয়ারের বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৭ লাখ টাকা।
শেয়ার বিক্রির ঘোষণার পর আজ কোম্পানিটির শেয়ারের দাম ১ দশমিক ৫৯ শতাংশ কমে ৩০ টাকা ৯০ পয়সায় নেমে আসে।
এসএকে একরামুজ্জামান রাক সিরামিকস বাংলাদেশের অন্যতম বড় স্থানীয় বিনিয়োগকারী। রাক গ্রুপের বিভিন্ন ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি বাংলাদেশের আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। কোম্পানিটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, তিনি রাক পাওয়ার প্রাইভেট এবং রাক সিকিউরিটি অ্যান্ড সার্ভিসেসের পরিচালনা পর্ষদের সদস্য।
এদিকে কোম্পানিটির আর্থিক অবস্থায়ও চাপ দেখা যাচ্ছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরে রাক সিরামিকস বাংলাদেশের নিট লোকসান হয়েছে ৩৯ কোটি ৫৯ লাখ টাকা। আগের বছর লোকসান ছিল ২ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজস্বে দুই অঙ্কের প্রবৃদ্ধি হলেও অর্থায়ন ব্যয় বেড়ে যাওয়ায় মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত রাক সিরামিকস বাংলাদেশ টাইলস ও স্যানিটারি পণ্য উৎপাদন ও বাজারজাত করে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক রাক সিরামিকসের আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক রয়েছে।
গাজীপুরে কোম্পানিটির উৎপাদন কারখানা রয়েছে, যা ঢাকার প্রায় ৬০ কিলোমিটার দূরে। সারা দেশে কোম্পানিটির প্রায় ৩০০টি বিক্রয়কেন্দ্র রয়েছে। এসব কার্যক্রম পরিচালনায় ১৫০ জন পরিবেশক ও উপ-পরিবেশকের একটি নেটওয়ার্ক রয়েছে।

