সরকারের মূলধন বিনিয়োগের বিপরীতে ৪৫ কোটি ৯০ লাখ টাকার অগ্রাধিকার শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। এ শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডেসকো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ আগস্ট বিএসইসির চিঠির মাধ্যমে শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদন অনুযায়ী, ডেসকো ৪৫ কোটি ৯০ লাখ টাকার অনির্দিষ্টমেয়াদি ও অ-সঞ্চিত অগ্রাধিকার শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
এসব শেয়ার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের প্রতিনিধিত্বে বাংলাদেশ সরকারের নামে বরাদ্দ দেওয়া হবে। ডেসকো জানিয়েছে, সরকারের মূলধন বিনিয়োগের বিপরীতেই এই অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হচ্ছে।
বিএসইসির অনুমোদন পাওয়ার পর শেয়ার ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শুরু করবে ডেসকো।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ডেসকো। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে রয়েছে কোম্পানিটির ৩২ দশমিক ৩৪ শতাংশ শেয়ার।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডেসকোর শেয়ারের সর্বশেষ লেনদেন হয়েছে ২৩ টাকা ১০ পয়সা দরে।

