শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। গতকাল সোমবার অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বিক্রি প্রায় ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬০৬ কোটি টাকায়। একই সময়ে মুনাফা ১৮ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৭৭০ কোটি টাকা।
এর আগের তিন অর্থবছরে কোম্পানিটি যথাক্রমে ১২০, ১১০ ও ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তারও আগে দুই বছর দিয়েছিল ১০০ ও ৬০ শতাংশ। অর্থাৎ বিনিয়োগকারীদের লভ্যাংশ ধারাবাহিকভাবে বেড়েছে।
শেয়ারবাজারে ব্লু-চিপ হিসেবে পরিচিত এই কোম্পানির শেয়ারের দাম বছরের পর বছর তুলনামূলক স্থিতিশীল রয়েছে। গত এক বছরে শেয়ারটির দাম ১৯৮ থেকে ২৩৬ টাকার মধ্যে ওঠানামা করেছে। গতকাল শেয়ারটি ২১৮ টাকায় লেনদেন হয়।
১৯৫৮ সালে প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর নেতৃত্বে স্কয়ার ফার্মার যাত্রা শুরু হয়। বর্তমানে কোম্পানিটি ৪০টির বেশি দেশে ওষুধ রপ্তানি করছে এবং বিদ্যমান সক্ষমতা আরও ভালোভাবে কাজে লাগিয়ে বিদেশে বিক্রি বাড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
সূত্র: দ্য ডেইলি স্টার

