শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই মূল্যসূচক কমেছে। সপ্তাহের ব্যবধানে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৭ হাজার কোটি টাকার বেশি কমেছে। সূচকও কমেছে। তবে একই সময়ে লেনদেনের পরিমাণ বেড়েছে।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৫০টির। ২৭টির দাম অপরিবর্তিত ছিল।
সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এটি ছিল ৬ লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে কমেছে ৩৩ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ। ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক কমেছে ১৯ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ।
সূচক ও বাজার মূলধন কমলেও গত সপ্তাহে লেনদেনের গতি বেড়েছে। প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৫০ কোটি ৭ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৩৮৫ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৮৭ লাখ টাকা বা ১৩ দশমিক ৮৮ শতাংশ।
সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২০ কোটি ৯৫ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪ দশমিক ৬৬ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২০ কোটি ১৭ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের দৈনিক গড় লেনদেন ছিল ১৩ কোটি ৬৪ লাখ টাকা।
লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও আছে সিটি ব্যাংক, সায়হাম টেক্সটাইল, মতিন স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা এবং শাহজিবাজার পাওয়ার।

