চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসির সমন্বিত নিট মুনাফা বেড়েছে প্রায় ৩৮ শতাংশ। এ সময়ে কোম্পানিটি ১০২ কোটি টাকা মুনাফা করেছে। গত অর্থবছরের একই প্রান্তিকে মুনাফার পরিমাণ ছিল ৭৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ২৮ কোটি টাকা।
রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে রেনাটা ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত আয় হয়েছে ১ হাজার ২৬০ কোটি টাকা। আগের বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ১৩১ কোটি টাকা। সেই হিসাবে আয় বেড়েছে ১২৯ কোটি টাকা বা ১১ দশমিক ৪ শতাংশ।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, রাজস্ব বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিক্রির পরিমাণ বাড়া। এ সময়ে ওষুধ খাতে আয় ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯১ কোটি টাকা হয়েছে। প্রাণিস্বাস্থ্য খাত থেকে আয় হয়েছে ১৯৭ কোটি টাকা এবং চুক্তিভিত্তিক উৎপাদন থেকে এসেছে ৬৫ কোটি টাকা। অন্যদিকে সহযোগী প্রতিষ্ঠানসহ রপ্তানি আয় হয়েছে ১০৯ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫৯ শতাংশ বেশি।
মুনাফা বাড়ার পেছনে বিক্রি বৃদ্ধির পাশাপাশি অর্থায়ন ব্যয় কমাও ভূমিকা রেখেছে। রেনাটা জানিয়েছে, সুশৃঙ্খলভাবে কাঁচামাল কেনা এবং মজুত ব্যবস্থাপনার উন্নতির কারণে কারখানার পরোক্ষ ব্যয় বৃদ্ধির হার ৫ দশমিক ৪ শতাংশে সীমিত রাখা সম্ভব হয়েছে। একই সঙ্গে মোট মুনাফার হার বেড়েছে এবং অর্থায়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে।
এদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট ঋণ ৫২১ কোটি টাকা কমে ১ হাজার ৪৮৩ কোটি টাকায় নেমেছে। আগের অর্থবছরের শেষে এই ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৪ কোটি টাকা। ঋণ কমানো এবং অর্থায়ন ব্যয় নিয়ন্ত্রণের ফলে কোম্পানির আর্থিক অবস্থায় উন্নতি হয়েছে।
প্রথম প্রান্তিকে রেনাটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ৩৭ দশমিক ২ শতাংশ বেড়ে ৮ টাকা ৮৭ পয়সা হয়েছে। শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদপ্রবাহ (এনওসিএফপিএস) ৭৪ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৯৮ পয়সায়। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সা।
আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে রেনাটা। কোম্পানিটি জানিয়েছে, ইতিমধ্যে ১০০টি বায়োইকুইভ্যালেন্ট পণ্য তৈরি করেছে। এসব পণ্যের মাধ্যমে নিয়ন্ত্রিত আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর পাশাপাশি ইনজেকটেবল, ক্যানসারবিরোধী ও অন্যান্য বিশেষায়িত ওষুধের উৎপাদন পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে বিশ্বের ৭৭টি বাজারে রেনাটার পণ্য ও ব্যবসায়িক উপস্থিতি রয়েছে।

