নীতিগত সহায়তা ও নিয়ন্ত্রক সংস্থার সাম্প্রতিক সিদ্ধান্তে বিনিয়োগকারীদের আস্থা ফেরায় বুধবার টানা দ্বিতীয় দিনের মতো উত্থান দেখা গেছে দেশের শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দিনের ব্যবধানে ৮ দশমিক ৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৪৫ দশমিক ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লুচিপ কোম্পানিগুলোর সূচক ডিএস৩০ বেড়েছে ১ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ; সূচকটি ২ হাজার ৫৯ পয়েন্টে অবস্থান করছে।
আগের কার্যদিবসের তুলনায় লেনদেন ১৫ শতাংশ বেড়ে হয়েছে ৭৫৭ কোটি টাকার বেশি। গত ২৩ সেপ্টেম্বরের পর এটিই সর্বোচ্চ লেনদেন। দিনশেষে ১৮১টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫১টির, আর অপরিবর্তিত ছিল ৫৬টি।
প্রাইম ব্যাংক সিকিউরিটিজের বিশ্লেষণ অনুযায়ী, দুটি নিয়ন্ত্রক সিদ্ধান্ত বাজারের মনোভাবকে চাঙ্গা করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর ঋণাত্মক ইকুইটি সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে। নতুন নিয়মে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর থেকে প্রতিবছর অন্তত ২৫ শতাংশ হারে ধাপে ধাপে এই সমন্বয় করতে হবে। এতে তাৎক্ষণিক মূলধন চাপ ও বাধ্য হয়ে শেয়ার বিক্রির আশঙ্কা কমেছে।
একই সঙ্গে স্থগিত থাকা ৬১৭টির বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের মধ্যে ১০০টির বেশি চালুর সুযোগ মিলেছে। এতে বিনিয়োগকারীরা আবার শেয়ার লেনদেন ও ডিপোজিট ফান্ডে অর্থ জমা দিতে পারছেন, তবে নগদ অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
খাতওয়ারি লেনদেনে আর্থিক প্রতিষ্ঠানগুলো এদিন সবচেয়ে বেশি দর বাড়িয়েছে, খাতটির সূচক বেড়েছে ১ দশমিক ৯৬ শতাংশ। এর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারদর ৭ দশমিক ৫২ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৬ দশমিক ২৩ শতাংশ এবং ইউনাইটেড ফাইন্যান্সের ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। ৩২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স লেনদেনের তালিকাতেও শীর্ষে ছিল।
বস্ত্র খাতের কোম্পানিগুলো লেনদেনে আধিপত্য দেখিয়েছে। এ খাতে লেনদেন হয়েছে ১৮০ কোটি ৪০ লাখ টাকার, যা মোট লেনদেনের ২৩ দশমিক ৭ শতাংশ। সায়হাম টেক্সটাইলের দর ৭ শতাংশ বেড়েছে; অন্যদিকে এনভয় টেক্সটাইল ৩ শতাংশ ও ম্যাটিন স্পিনিং ১ দশমিক ৮ শতাংশ কমেছে। বিমা খাতের দখলে ছিল মোট লেনদেনের ১২ দশমিক ৪২ শতাংশ, আর জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১২ দশমিক ০১ শতাংশ।
এদিন শীর্ষ দর বৃদ্ধির তালিকায় ছিল আমান কটন ফাইব্রাস (৯ দশমিক ৮২ শতাংশ), এনার্জিপ্যাক পাওয়ার (৯ দশমিক ৮১ শতাংশ), ইউনিয়ন ক্যাপিটাল (৯ দশমিক ৮০ শতাংশ), বে লিজিং (৯ দশমিক ৫২ শতাংশ) ও এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড (৯ দশমিক ৩৭ শতাংশ)। অন্যদিকে সবচেয়ে বেশি দর হারিয়েছে সিএনএ টেক্সটাইল (৪ শতাংশ), রিজেন্ট টেক্সটাইল (৩ দশমিক ৮৪ শতাংশ), সেনা ইন্স্যুরেন্স (৩ দশমিক ৭০ শতাংশ), কেডিএস অ্যাক্সেসরিজ (৩ দশমিক ৫৭ শতাংশ) ও সিলভা ফার্মাসিউটিক্যালস (৩ দশমিক ১৫ শতাংশ)।
লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানি ছিল আইপিডিসি ফাইন্যান্স, শাহজীবাজার পাওয়ার কোম্পানি, এনভয় টেক্সটাইল, ডরিন পাওয়ার ও সায়হাম টেক্সটাইল।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক ধারা ছিল। সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৩৪ এবং সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫২৬ পয়েন্টে উঠেছে। বন্দরনগরীর এই বাজারে লেনদেন হয়েছে ১৭ কোটি টাকা।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

