মুনাফাকারী আট প্রতিষ্ঠানের মধ্যে মেঘনা পেট্রোলিয়াম ৬৮৫ কোটি টাকা আয় করে তালিকার শীর্ষে রয়েছে। সামান্য ব্যবধানে দ্বিতীয় অবস্থানে থাকা পদ্মা অয়েলের নিট মুনাফা ৬৮২ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা যমুনা অয়েলের মুনাফা হয়েছে ৪২৫ কোটি টাকা। এ ছাড়া পাওয়ার গ্রিড বাংলাদেশ ৩৫৩ কোটি, বাংলাদেশ শিপিং করপোরেশন ২৯১ কোটি, বাংলাদেশ সাবমেরিন কেবলস ২৮৩ কোটি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৪০ কোটি এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস ৯ কোটি টাকা মুনাফা করেছে।
মুনাফার বড় অংশই এসেছে জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল ও যমুনা অয়েল থেকে। তাদের সম্মিলিত নিট মুনাফা প্রায় ১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা আটটি মুনাফাকারী প্রতিষ্ঠানের মোট লাভের প্রায় ৬৫ শতাংশ। আগের অর্থবছরের তুলনায় পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ২১ শতাংশ এবং মেঘনা পেট্রোলিয়ামের ৩ শতাংশ। তবে যমুনা অয়েলের মুনাফা কমেছে ৩৪ শতাংশ। আগের অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল ৬৪৮ কোটি টাকা, যা এবার নেমে এসেছে ৪২৫ কোটি টাকায়।
অন্যদিকে, বাংলাদেশ সাবমেরিন কেবলসের মুনাফা ৩৭ শতাংশ বেড়ে ২৮৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। আন্তর্জাতিক প্রাইভেট লিজড সার্কিটের ভাড়া, আইপি ট্রানজিট ও কো-লোকেশন সেবার চাহিদা বৃদ্ধিকে এ প্রবৃদ্ধির কারণ হিসেবে দেখিয়েছে কোম্পানিটি। ইস্টার্ন লুব্রিক্যান্টসের মুনাফাও ৩১ শতাংশ বেড়ে ৯ কোটি টাকা হয়েছে। তবে বাংলাদেশ শিপিং করপোরেশনের মুনাফা ৫ শতাংশ কমে ২৯১ কোটি টাকায় নেমেছে। আগের অর্থবছরে দুটি জাহাজ বিক্রি থেকে এককালীন মূলধনি আয় হওয়ায় ওই বছর কোম্পানিটির মুনাফা তুলনামূলক বেশি ছিল।
বিদ্যুৎ খাতের দুই প্রতিষ্ঠান ডেসকো ও পাওয়ার গ্রিডও লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে। টানা তিন বছর লোকসানের পর ডেসকো গত অর্থবছরে ৪০ কোটি টাকা নিট মুনাফা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটির লোকসান ছিল ১২৫ কোটি টাকা। বিদ্যুৎ বিক্রির আয় বৃদ্ধি, সুদ আয় এবং বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত হিসাবের ইতিবাচক পরিবর্তন এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে। অন্যদিকে, পাওয়ার গ্রিড আগের অর্থবছরের প্রায় ৫০০ কোটি টাকা লোকসান কাটিয়ে ৩৫৩ কোটি টাকা মুনাফা করেছে।
লোকসানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইসিবির অবস্থান সবচেয়ে খারাপ। ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির সম্মিলিত নিট লোকসান হয়েছে প্রায় ৬৫২ কোটি ৫৫ লাখ টাকা। তবে আগের অর্থবছরে এই লোকসান ছিল প্রায় ১ হাজার ২১৩ কোটি টাকা। অর্থাৎ, লোকসান কমলেও প্রতিষ্ঠানটির আর্থিক সংকট কাটেনি। আইসিবির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মূলত এফডিআরসহ বিভিন্ন বিনিয়োগ, ঋণ ও অন্যান্য সম্পদের বিপরীতে প্রভিশন ব্যয় কমায় লোকসান কিছুটা কমেছে। তবে বিভিন্ন নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে মেয়াদ পূর্ণ হওয়ার পরও আটকে থাকা বিনিয়োগের অর্থ আদায় করতে না পারায় প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের প্রভিশন রাখতে হয়েছে।
লোকসানের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তিতাস গ্যাস। কোম্পানিটির লোকসান আগের অর্থবছরের ৭৭২ কোটি টাকা থেকে কমে ৫৯৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। বাকি লোকসানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জিল বাংলা সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস, ইস্টার্ন কেবলস, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, ন্যাশনাল টিউবস, অ্যাটলাস বাংলাদেশ এবং রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি। এসব প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ যথাক্রমে প্রায় ৪৩ কোটি, ২১ কোটি, ১২ কোটি, ৮ কোটি, ৭ কোটি, ৩ কোটি এবং ২ কোটি টাকা।
উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশেষ করে চিনিকল ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর কয়েকটি দীর্ঘদিন ধরে লোকসান করছে। শ্যামপুর সুগার মিলস, জিল বাংলা সুগার মিলস ও উসমানিয়া গ্লাসের মতো প্রতিষ্ঠানগুলো এখনো লাভজনক অবস্থায় ফিরতে পারেনি। রেনউইক, যজ্ঞেশ্বরের লোকসানও আগের বছরের তুলনায় বেড়েছে। সব মিলিয়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর আর্থিক ফলাফলে একদিকে জ্বালানি ও অবকাঠামো খাতের কয়েকটি প্রতিষ্ঠানের ভালো মুনাফা দেখা গেলেও, অন্যদিকে বিনিয়োগ প্রতিষ্ঠান ও উৎপাদনমুখী শিল্পের কয়েকটির দীর্ঘস্থায়ী লোকসান অব্যাহত রয়েছে।

