একটি QR কোড দিয়ে সব ব্যাংক ও MFS থেকে পেমেন্ট নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এখন চ্যালেঞ্জ হলো – ছোট ব্যবসায়ীরা যেন ডিজিটাল লেনদেনকে নগদের চেয়ে সস্তা, দ্রুত ও নির্ভরযোগ্য মনে করেন।
ঢাকার কোনো চায়ের দোকান, মুদি দোকান কিংবা জেলা শহরের ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের কাউন্টারে এখন একটি QR কোড দেখা অস্বাভাবিক নয়। একটি কোড স্ক্যান করেই বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা পরিশোধের সুযোগ তৈরি হচ্ছে। তবে বাংলা কিউআর এর সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে প্রযুক্তির চেয়ে বেশি এর ব্যবহারিক সুবিধার ওপর। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত আন্তঃপরিচালনযোগ্য বাংলা কিউআর ব্যবস্থা চালুর ফলে ব্যবসায়ীদের জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্মের QR রাখার প্রয়োজন কমছে। একজন ক্রেতা কোন ব্যাংক বা MFS ব্যবহার করছেন, সেটি নিয়ে ব্যবসায়ীকে আগের মতো চিন্তা করতে হচ্ছে না।
ছোট ব্যবসার জন্য এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ একটি POS মেশিন কেনা, সেটি পরিচালনা করা কিংবা একাধিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু রাখার তুলনায় একটি QR কোড অনেক সহজ ও কম খরচের সমাধান হতে পারে। ফলে প্রযুক্তিগত বাধা কমলে ডিজিটাল পেমেন্ট আরও ছোট ব্যবসার কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। কিন্তু শুধু QR কোড দোকানে পৌঁছে দিলেই কাজ শেষ হবে না। একজন দোকানদারের কাছে মূল প্রশ্ন হলো, ডিজিটাল পেমেন্ট নিলে তার ব্যবসা আসলে কী সুবিধা পাচ্ছে?
বাংলা কিউআর এর সবচেয়ে বড় সম্ভাবনা শুধু নগদের বিকল্প তৈরি করা নয়। ডিজিটাল লেনদেনের মাধ্যমে একটি ছোট ব্যবসার বিক্রির নিয়মিত রেকর্ড তৈরি হতে পারে। একজন মুদি দোকানি প্রতিদিন কত টাকার বিক্রি করেন, কোন সময়ে বেশি লেনদেন হয় কিংবা মাসে তার ব্যবসার পরিমাণ কত—এসব তথ্য নিয়মিত ডিজিটাল লেনদেনের মাধ্যমে ধরা সম্ভব। ভবিষ্যতে এই ধরনের তথ্য ঋণ, সঞ্চয়, বীমা কিংবা অন্যান্য আর্থিক সেবা দেওয়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেই সব ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য, যাদের পর্যাপ্ত জামানত নেই বা ব্যাংকের কাছে ব্যবসার আর্থিক সক্ষমতা প্রমাণ করার মতো আনুষ্ঠানিক নথি কম। একটি নির্ভরযোগ্য ডিজিটাল লেনদেনের ইতিহাস ধীরে ধীরে সেই ঘাটতি পূরণ করতে পারে। তবে এই সুবিধা তখনই বাস্তব হবে, যখন পেমেন্টের তথ্য শুধু লেনদেনের রেকর্ড হিসেবে পড়ে থাকবে না; বরং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সেটিকে ব্যবহার করে ছোট ব্যবসার জন্য বাস্তব আর্থিক পণ্য তৈরি করবে।
বাংলাদেশের ছোট ব্যবসার বড় অংশ খুব কম মার্জিনে চলে। দোকানভাড়া, বিদ্যুৎ, কর্মচারীর খরচ, পণ্যের অপচয়, বাকিতে বিক্রি এবং প্রতিযোগিতার চাপ সামলে অনেক ব্যবসায়ীর হাতে শেষ পর্যন্ত খুব বেশি লাভ থাকে না। এমন পরিস্থিতিতে ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য প্রতিটি লেনদেনে অতিরিক্ত খরচ হলে ব্যবসায়ী সেটিকে সহজে গ্রহণ করবেন—এমন নিশ্চয়তা নেই। প্রতি ১,০০০ টাকার বিক্রিতে ১০ টাকা খরচও একটি ছোট দোকানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণেই বাংলা কিউআর এর ক্ষেত্রে merchant discount rate বা MDR-এর কাঠামো গুরুত্বপূর্ণ। বড় ব্যবসার জন্য যে খরচ সামলানো সম্ভব, একজন রাস্তার পাশের বিক্রেতা বা ছোট মুদি দোকানের জন্য সেটিই বড় বোঝা হতে পারে। ডিজিটাল পেমেন্টকে যদি নগদের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ছোট ব্যবসায়ীর কাছে এর খরচ নগদের তুলনায় স্পষ্টভাবে প্রতিযোগিতামূলক হতে হবে।
খরচের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকা কত দ্রুত ব্যবসায়ীর কাছে পৌঁছাচ্ছে। একজন ছোট দোকানদারের দৈনন্দিন ব্যবসা সাধারণত খুব দ্রুত ঘোরে। সকালে বিক্রি হওয়া পণ্যের টাকা দিয়েই বিকেলে নতুন পণ্য কেনা হতে পারে। ফলে ডিজিটাল পেমেন্টের টাকা যদি দেরিতে আসে, কোনো লেনদেন আটকে যায় বা সমস্যার সমাধান পেতে দীর্ঘ সময় লাগে, তাহলে ব্যবসায়ী আবার নগদের দিকে ফিরে যেতে পারেন। এখানে প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি গ্রাহকসেবাও গুরুত্বপূর্ণ। ভুল লেনদেন, টাকা কেটে নেওয়া কিন্তু ব্যবসায়ীর হিসাবে না পৌঁছানো কিংবা অন্য কোনো সমস্যার ক্ষেত্রে দ্রুত সমাধানের ব্যবস্থা থাকতে হবে। ছোট ব্যবসায়ীর কাছে নির্ভরযোগ্যতা কোনো অতিরিক্ত সুবিধা নয়; এটি ব্যবসা চালানোর প্রয়োজনীয় শর্ত।
বাংলাদেশে ছোট ব্যবসার বড় অংশ এখনো নগদনির্ভর। একজন দোকানি যদি ডিজিটাল পেমেন্ট নেন, কিন্তু তার সরবরাহকারী নগদ ছাড়া টাকা না নেন, পাইকারকে নগদে পেমেন্ট করতে হয় এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় অন্যান্য খরচও নগদে মেটাতে হয়, তাহলে ডিজিটাল টাকা হাতে রাখার সুবিধা সীমিত হয়ে যায়। তাই বাংলা কিউআর এর ব্যবহার বাড়াতে হলে পুরো ব্যবসায়িক চেইনকে ধীরে ধীরে ডিজিটাল করতে হবে। একজন খুচরা বিক্রেতা যেন সরবরাহকারীকে ডিজিটাল পেমেন্ট করতে পারেন, পাইকার যেন ব্যাংক বা MFS-এর মাধ্যমে টাকা নিতে পারেন এবং ডিজিটাল লেনদেনের ভিত্তিতে ব্যবসায়ী যেন প্রয়োজনীয় আর্থিক সুবিধা পান—এই সংযোগ তৈরি করা জরুরি। নইলে QR থাকবে দোকানের কাউন্টারে, কিন্তু ব্যবসার মূল লেনদেন থেকে যাবে নগদে।
ভারতের UPI এবং ব্রাজিলের Pix দেখিয়েছে, একটি জাতীয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সফল করতে শুধু প্রযুক্তি তৈরি করাই যথেষ্ট নয়। ব্যবহারকারীর জন্য সেটিকে সহজ, দ্রুত এবং কম খরচের করতে হয়। বাংলাদেশের জন্যও এখানেই বড় শিক্ষা রয়েছে। ডিজিটাল পেমেন্টের অবকাঠামো তৈরির খরচ আছে, ব্যাংক ও পেমেন্ট সেবাদাতাদেরও ব্যবসায়িকভাবে টিকে থাকতে হয়। কিন্তু বাজার তৈরি হওয়ার প্রাথমিক পর্যায়ে সেই খরচের বড় অংশ যদি ক্ষুদ্র ব্যবসায়ীর ওপর পড়ে, তাহলে adoption ধীর হয়ে যেতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কম বা শূন্য MDR-এর ব্যবস্থা একটি নির্দিষ্ট সময়ের জন্য বিবেচনা করা যেতে পারে। বড় ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে বাণিজ্যিক মূল্য নির্ধারণের সুযোগ রাখা যেতে পারে। এতে ডিজিটাল পেমেন্টের বাজারও বাড়বে, আবার ছোট ব্যবসায়ীদের ওপর প্রাথমিক চাপও কমবে।
বাংলা কিউআর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরি করেছে। কিন্তু এর সফলতা মাপা উচিত কতগুলো QR কোড দোকানে লাগানো হয়েছে তা দিয়ে নয়; বরং কতজন ছোট ব্যবসায়ী নিয়মিত সেটি ব্যবহার করছেন, কত টাকা ডিজিটালভাবে লেনদেন হচ্ছে এবং সেই লেনদেন থেকে তারা বাস্তবে কী সুবিধা পাচ্ছেন—তা দিয়ে। যদি একজন দোকানি দেখেন, QR দিয়ে টাকা নেওয়া নগদের চেয়ে সহজ, টাকা সঙ্গে সঙ্গে পাওয়া যায়, সমস্যা হলে দ্রুত সমাধান হয় এবং তার ডিজিটাল বিক্রির ইতিহাসের ভিত্তিতে ঋণ বা অন্য আর্থিক সুবিধা পাওয়া যায়, তাহলে QR তার কাছে শুধু একটি পেমেন্ট ব্যবস্থা থাকবে না। এটি হয়ে উঠবে ব্যবসার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বাংলাদেশ একসময় ল্যান্ডলাইন অবকাঠামোর দীর্ঘ পথ না পেরিয়েই মোবাইল যোগাযোগে দ্রুত এগিয়ে গিয়েছিল। ছোট ব্যবসার ক্ষেত্রেও বাংলা কিউআর তেমন একটি পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে।
একজন ছোট ব্যবসায়ী কেন নগদের বদলে বাংলা কিউআর ব্যবহার করবেন—তার পরিষ্কার উত্তর দিতে পারলেই এই উদ্যোগ সত্যিকারের সফল হবে।

