কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কেন্দ্র করে ব্যবসায়িক অগ্রাধিকার পরিবর্তনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের দুই শতাধিক কর্মী ছাঁটাই করেছে। শুক্রবার (২১ আগস্ট) ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সিরি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ও ভিশন প্রো হেডসেটের দলসহ মোট ২০০টির বেশি পদ কমানো হচ্ছে। অ্যাপল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য আরও ভালো অভিজ্ঞতা তৈরির লক্ষ্যেই ব্যবসার কাঠামোতে এই পরিবর্তন আনা হচ্ছে।
ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে প্রায় ১০০ জন ভিশন প্রো দলের। বাকি প্রায় ১০০টি পদ সিরি এবং ‘ইন্টেলিজেন্ট সিস্টেমস এক্সপেরিয়েন্স’ দলের, যারা অ্যাপলের বিভিন্ন ডিভাইসে এআই ফিচার তৈরির কাজ করে। অ্যাপল মূলত ভিশন প্রোর গেমিং দলটি বন্ধ করে দিচ্ছে এবং ইমার্সিভ ভিডিও তৈরির দলটির আকারও কমিয়ে দিচ্ছে। কারণ ইমার্সিভ ভিডিওর প্রতিটি এপিসোড তৈরিতে খরচ হয় কয়েক মিলিয়ন ডলার, অথচ ভিশন প্রোর সক্রিয় ব্যবহারকারী এখনও সীমিত।
অন্যদিকে সিরি দলের পুনর্গঠন হচ্ছে আসন্ন এআই-ভিত্তিক সিরির জন্য। নতুন প্রযুক্তিগত কাঠামোয় তৈরি হওয়া এই সিরির জন্য প্রয়োজনীয় দক্ষতা বদলে যাচ্ছে, তাই পুরোনো কিছু পদ সরিয়ে নতুন পদ তৈরি করা হচ্ছে। অ্যাপল অবশ্য জানিয়েছে, এই পরিবর্তনের অংশ হিসেবে নতুন পদও তৈরি করা হবে এবং ছাঁটাই হওয়া কর্মীরা অ্যাপলের অন্যান্য পদে আবেদনের সুযোগ পাবেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাজারে আসা ভিশন প্রোকে অ্যাপল নতুন এক পণ্য ক্যাটাগরি হিসেবে দেখিয়েছিল। কিন্তু ৩ হাজার ৬৯৯ ডলার দাম এবং ভারী ডিজাইনের কারণে এটি তেমন সাফল্য পায়নি। অ্যাপল ভিশন প্রো বা ভিশনওএস পুরোপুরি বন্ধ করছে না, তবে স্বল্প মেয়াদে তাদের ফোকাস স্মার্ট গ্লাসে। ২০২৮ সালের শেষ দিকে নতুন ভিশন প্রো মডেল আনার কথাও ভাবছে অ্যাপল।
এই ছাঁটাইকে শুধু ব্যয় কমানোর পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই। বরং এআই ও নতুন প্রযুক্তিকে কেন্দ্র করে অ্যাপলের অগ্রাধিকারে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় এটি। সিরি পাচ্ছে নতুন রূপ, ভিশন প্রো পাচ্ছে নতুন দিকনির্দেশনা, অ্যাপল যেন এআই যুদ্ধে নিজের অবস্থান শক্ত করতেই এই পথ বেছে নিচ্ছে।

