প্রিয়জনের জন্মদিনে রাত ১২টায় শুভেচ্ছা বার্তা দেওয়া কিংবা কাজের ব্যস্ততার মাঝে কাউকে গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেওয়ার সুযোগকে আরও সহজ করতে নতুন ফিচার আনছে জনপ্রিয় তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানকারী প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এখন আর বিশেষ কোনো সময়ে বার্তা পাঠানোর জন্য চাতক পাখির মতো জেগে থাকার বা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করার প্রয়োজন পড়বে না। বার্তা লিখে আগেই সময় ঠিক করে রাখলে বা ‘শিডিউল’ করে রাখলে ব্যবহারকারী ঘুমিয়ে থাকলেও কিংবা ফোন অফলাইনে থাকলেও নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে তা প্রাপকের কাছে পৌঁছে যাবে। বিশ্বখ্যাত প্রযুক্তিবিষয়ক পোর্টাল ডিজিটাল ট্রেন্ডসের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি তাদের অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই অটোমেটেড মেসেজিং সুবিধা চালু করেছে।
প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিটা ট্র্যাকারদের দেওয়া তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের সর্বশেষ অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৬.৪০.৭-এ সীমিতসংখ্যক ব্যবহারকারীকে এই সেবা ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। চলতি ২০২৬ সালের প্রথম দিকেই এমন একটি ফিচার তৈরির গুঞ্জন শোনা গেলেও অবশেষে এটি এখন বাস্তব রূপ নিতে যাচ্ছে। নতুন এই সিস্টেমে কোনো মেসেজ লিখে অ্যাপের ‘সেন্ড’ বাটনটি কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলেই ভেসে উঠবে ‘শিডিউল মেসেজ’ বা সময় নির্ধারণের নতুন পপ-আপ অপশন। বর্তমান পরীক্ষামূলক সংস্করণে সর্বনিম্ন আগামী ১০ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ দুই সপ্তাহ পর পর্যন্ত যেকোনো দিন ও সময় সিলেক্ট করে রাখা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপের এই নতুন সময়সূচিভিত্তিক মেসেজিং সিস্টেমে কেবল সাধারণ লিখিত টেক্সটাই নয়, বরং ওয়েব লিংক, ছবি এবং ভিডিও ক্লিপও পাঠানো সম্ভব হবে। তবে বিটা ভার্সনে আপাতত একটি শিডিউল মেসেজের সাথে একটি মাত্র ছবি বা ভিডিও যুক্ত করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। সবচেয়ে বড় সুবিধার বিষয় হলো, এই নির্ধারিত বার্তাগুলো অ্যাপের সাধারণ নিরাপত্তার মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে সুরক্ষিত থাকবে। বার্তাটি প্রেরকের ফোন বা সার্ভারে জমা থাকলেও নির্ধারিত সময় না আসা পর্যন্ত তা প্রাপক দেখতে পারবেন না, এমনকি মাঝপথে মেসেজটি মুছে ফেললেও প্রাপক সে বিষয়ে কোনো নোটিফিকেশন পাবেন না।

