যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্পেস কোস্টের আকাশে দেখা গেছে জেলিফিশের মতো উজ্জ্বল এক আলোকচ্ছটা। মহাকাশে রকেট উৎক্ষেপণের সময় সৃষ্ট এই বিরল দৃশ্যকে বলা হয় ‘স্পেস জেলিফিশ’ বা মহাজাগতিক জেলিফিশ।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৩৫তম বাণিজ্যিক পণ্য সরবরাহ অভিযান পরিচালনা করে স্পেসএক্স। ফ্যালকন-৯ রকেটটি উৎক্ষেপণের পর বায়ুমণ্ডলের ওপরের স্তরের দিকে এগিয়ে যাওয়ার সময় এই মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়।
রকেটের নির্গত গ্যাস ও ধোঁয়ার বিস্তৃত অংশে সূর্যের আলো পড়লে তা উজ্জ্বল হয়ে ওঠে। ফলে রাতের আকাশে জেলিফিশের মতো একটি আলোকিত আকৃতি দেখা যায়। দূর থেকে মনে হয়, যেন কোনো সামুদ্রিক প্রাণী আকাশের বুক দিয়ে ভেসে চলেছে।

তবে এই দৃশ্যের সঙ্গে প্রকৃত জেলিফিশের কোনো সম্পর্ক নেই। রকেটের নির্গত গ্যাস ও ধোঁয়া যখন বায়ুমণ্ডলের ওপরের পাতলা স্তরে ছড়িয়ে পড়ে এবং দিগন্তের নিচে থাকা সূর্যের আলোয় আলোকিত হয়, তখনই এমন দৃশ্য তৈরি হয়। সূর্যোদয়ের আগে যেমন এটি দেখা যেতে পারে, তেমনি সূর্যাস্তের পরও এমন ঘটনা ঘটতে পারে।
মহাকাশে রকেট উৎক্ষেপণের এমন দৃশ্য শুধু বৈজ্ঞানিক গবেষণা ও অনুসন্ধানের গুরুত্বই তুলে ধরে না, বরং মহাকাশযাত্রা মানুষের মধ্যে বিস্ময় ও কৌতূহল জাগিয়ে তোলারও একটি অনন্য উদাহরণ হয়ে ওঠে।

