হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় অনেকেই চেহারা নিয়ে বিব্রত হন, বিশেষ করে যখন প্রস্তুতি থাকে না। এই সমস্যার সমাধানে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, যা ব্যবহারকারীদের ক্যামেরা বন্ধ রেখেই ভিডিও কলে কথা বলার সুযোগ দেবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে এই নতুন সুবিধাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ভিডিও কল রিসিভ করার সঙ্গে সঙ্গে ফোনের সামনের ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়- ফলে ক্যামেরা বন্ধ রেখে ভিডিও কলে কথা বলা সম্ভব হয় না। তবে নতুন সুবিধাটি চালু হলে- ব্যবহারকারীরা সামনের ক্যামেরা বন্ধ রেখে ভিডিও কলে অংশ নিতে পারবেন।
এ সুবিধাটি কবে নাগাদ উন্মুক্ত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও- শিগগিরই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যান্ড্রয়েড অথরিটির তথ্য অনুযায়ী, ভিডিও কল আসার সময় হোয়াটসঅ্যাপে “টার্ন অফ ইয়োর ভিডিও” অপশন দেখা যাবে। এ অপশনটি ব্যবহার করে ‘একসেপ্ট উইথ আউট ভিডিও’ বাটনে ক্লিক করলে ফোনের ক্যামেরা বন্ধ থাকবে এবং অডিও মোডে কথা বলা যাবে। তবে মাঝপথে ভিডিও চালু করতে চাইলে ‘টার্ন অন ইয়োর ভিডিও’ অপশনে ক্লিক করলেই ক্যামেরা চালু হয়ে যাবে।

