প্রযুক্তি জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরো উন্নত করতে উদ্যোগ নিচ্ছে অ্যাপল। এবার প্রতিষ্ঠানটি তাদের জেনারেটিভ এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে ম্যাপসের জন্য সংগৃহীত ছবি ব্যবহার করার পরিকল্পনা করেছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাক জানিয়েছে, চলতি মাস থেকেই অ্যাপল তাদের কিছু এআই মডেল প্রশিক্ষণের জন্য লুক অ্যারাউন্ড ফিচার থেকে সংগৃহীত ছবি ব্যবহার শুরু করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো রাস্তা ও ট্রাফিক পরিস্থিতি সঠিকভাবে বিশ্লেষণ করা, যা অ্যাপল ম্যাপসের গন্তব্য নির্ধারণসহ নেভিগেশন সুবিধাকে আরও কার্যকর ও উন্নত করবে।
বিশ্লেষকদের মতে, ম্যাপসের ছবি ব্যবহার করে প্রশিক্ষিত এআই মডেলগুলো রাস্তার অবস্থা নির্ধারণ ও যানজট পূর্বাভাস দিতে সক্ষম হবে। এর ফলে অ্যাপল ম্যাপস ব্যবহারকারীরা আরও নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পাবেন।

