হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা আরও সুরক্ষিত করতে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামে এই ফিচারটি চালু হলে আর স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ডাউনলোড হবে না প্রাপকের ফোনে। সূত্র: দ্য ভার্জ
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানায়, পরীক্ষামূলকভাবে কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর মধ্যে এই ফিচার চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যক্তিগত এবং গ্রুপ- দুই ধরনের চ্যাটেই প্রেরিত মাল্টিমিডিয়া ফাইল প্রাপকের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে না।
তবে ব্যবহারকারীরা চাইলে ছবি বা ভিডিও ম্যানুয়ালি সংরক্ষণ করতে পারবেন কি না, সে বিষয়ে এখনো মেটার পক্ষ থেকে কোনো সুস্পষ্ট তথ্য জানানো হয়নি।
এ ফিচার চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ বিশ্লেষণ বা উত্তর দেওয়ার সুবিধা ‘মেটা এআই’ নিষ্ক্রিয় থাকবে। অর্থাৎ এই ফিচার চালু হলে কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী ‘মেটা এআই’-এর মাধ্যমে স্বয়ংক্রিয় চ্যাট বা ছবি তৈরির সুযোগ থাকছে না। তবে ব্যবহারকারীরা চাইলেই বার্তা ফরওয়ার্ড বা স্ক্রিনশট নিতে পারবেন।
উল্লেখ্য হোয়াটসঅ্যাপে এর আগেও ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ নামে একটি ফিচার চালু করা হয়েছিল, যার মাধ্যমে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে বার্তা ও ফাইল মুছে যায়। এবার আরও উন্নত প্রাইভেসি নিশ্চিত করতেই আসছে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’।

