গুগলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৬-এর বিটা সংস্করণ এখন থেকে শাওমি ও ওয়ানপ্লাস ডিভাইসেও পাওয়া যাচ্ছে। এর ফলে পিক্সেল ফোনের বাইরেও আরো বেশি ব্যবহারকারী নতুন ফিচারগুলো আগেভাগেই পরখ করার সুযোগ পাচ্ছেন।
গুগল গত বছরের নভেম্বরে পরীক্ষামূলকভাবে অ্যান্ড্রয়েড ১৬ চালু করে। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় এর পাবলিক বিটা প্রোগ্রাম, যা এতদিন কেবল পিক্সেল সিরিজের ফোনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
তবে গিজমোচায়না-এর এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি শাওমি ১৪, শাওমি ১৪ প্রো এবং ওয়ানপ্লাস ১৩ মডেলগুলো এই বিটা প্রোগ্রামে যুক্ত হয়েছে।
বিটা প্রোগ্রামে অংশ নেওয়ার মাধ্যমে ব্যবহারকারীরা নতুন ফিচারগুলো চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগেই ব্যবহার করে দেখতে পারবেন এবং গুগলকে ত্রুটি কিংবা উন্নয়ন পরামর্শ জানাতে পারবেন।
অ্যান্ড্রয়েড ১৬ এর পূর্ণাঙ্গ সংস্করণ চলতি বছরের শেষ নাগাদ উন্মোচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

