বাংলাদেশি গেমারদের জন্য বড়সড় সুখবর নিয়ে এসেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল। শিগগিরই বাংলাদেশে চালু হচ্ছে গেমটির নিজস্ব লোকাল সার্ভার, যা ব্যবহারকারীদের আরো দ্রুত, স্মুথ এবং লো ল্যাটেন্সিতে গেম খেলার সুবিধা দেবে।
রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাবজি মোবাইল জানায়, এটি কেবল একটি গেম নয়- বরং বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং তরুণ গেমারদের জন্য উন্নত অভিজ্ঞতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এদিকে দেশের প্রথম অফিশিয়াল ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। ১০ লাখ টাকার আকর্ষণীয় প্রাইজপুল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহীরা পাবজি মোবাইল বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তরুণদের অংশগ্রহণ বাড়াতে এবং স্থানীয় প্রতিভা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গেমিং ও ই-স্পোর্টস সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি এই খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ সৃষ্টি।
তরুণ গেমারদের সৃজনশীলতাকে উৎসাহ দিতে উন্মুক্ত করা হয়েছে ‘ওয়ার্ল্ড অব ওয়ান্ডার (WOW)’ প্ল্যাটফর্ম, যেখানে গেমাররা নিজেদের কাস্টম ম্যাপ তৈরি, শেয়ার ও খেলতে পারবেন। এতে ভার্চুয়াল জগতে নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সৃজনশীল চিন্তার বিকাশ ঘটবে।
পাবজি মোবাইল সাউথ এশিয়া পাবলিশিং লিড এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে আমাদের যাত্রা নতুন আঙ্গিকে শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গেমিং ও ই-স্পোর্টসের ক্ষেত্রে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। স্থানীয় অংশীদারদের সঙ্গে মিলে আমরা এখানে একটি শক্তিশালী গেমিং কমিউনিটি গড়ে তুলতে চাই।
বিশেষজ্ঞদের মতে, লোকাল সার্ভার চালু হওয়ায় বাংলাদেশি গেমারদের অভিজ্ঞতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এই উদ্যোগ দেশের গেমিং খাতে একটি নতুন যুগের সূচনা করবে, যা তরুণদের জন্য প্রযুক্তি ও সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

